মুন্সিগঞ্জে জুয়া খেলার সময় হাতেনাতে ধরা ৮ জন
মুন্সিগঞ্জ, ৯ জুন ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান চালিয়ে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদিসহ ৮ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার (৮ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কুচিয়ামোড়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুচিয়ামোড়া গ্রামের ফজল কোম্পানির বাড়ির পাশের সিড়িঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জুয়া খেলারত অবস্থায় ৮ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম এবং নগদ ২ হাজার ২৫০ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— পলাশপুর গ্রামের মৃত নুর ইসলামের ছেলে রাজা মিয়া (৪৫), ইসলামপুর গ্রামের প্রেমকার আলীর ছেলে মো. বিপ্লব (৫০), কুচিয়ামোড়া গ্রামের মৃত আক্কেল আলীর ছেলে আব্দুল জলিল (৩৭), পথারঘাটা গ্রামের মো. মারফত আলীর ছেলে সেন্টু (৩০), কুচিয়ামোড়া গ্রামের মৃত গোলাম আলী শেখের ছেলে মো. হুমায়ুন শেখ (৫০), মৃত ফরিদুল মণ্ডলের ছেলে মো. ইমদাদুল হক (৬০), মৃত মেন্দু মিয়ার ছেলে মো. বকুল (৪৮) এবং লৌহজং উপজেলার খৈওরা গ্রামের মৃত রেজাউলের ছেলে মো. সোহাগ (৪৮)।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এলাকায় জুয়াসহ সব ধরনের অপরাধ ও মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।








