মুন্সিগঞ্জ: স্বর্ণ রাখতে দিয়ে বিপদে, ফেরত না দিয়ে ভাই-ভাবির পরিকল্পনায় খুন আপন ভাই
মুন্সিগঞ্জ, ২০ নভেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
ভাইয়ের কাছে এক ভরি স্বর্ণালঙ্কার জমা রেখেছিলেন মো. আলমগীর (৩৯)। সেই স্বর্ণের কিছু অংশ তাঁকে না জানিয়ে বন্ধক রেখে টাকা নেন ভাই ও ভাবি। পরে স্বর্ণ ফেরত চাওয়াকে কেন্দ্র করে বিরোধ তৈরি হয়। একপর্যায়ে স্বর্ণ ফেরত না দিয়ে আলমগীরকে হত্যার পরিকল্পনা করেন তাঁরা। হত্যাকাণ্ডে সহায়তার জন্য এক ব্যক্তিকে এক লাখ টাকা দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়। বিয়ের জন্য পাত্রী দেখানোর কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয় তাঁকে। এ ঘটনায় ভাই-ভাবিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের কালিনগর এলাকায় খড়ের স্তূপের ভেতর থেকে আলমগীরের অর্ধগলিত মরদেহ উদ্ধারের পর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করে পিবিআই। গত ১৭ নভেম্বর সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়। আলমগীর মুন্সিগঞ্জ সদর উপজেলার বিনোদপুর এলাকার বাসিন্দা ছিলেন। বিভিন্ন এলাকায় বাদাম ও বুট বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন তিনি।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সাদ্দাম হোসেন (৩৩), মো. শফিকুল ইসলাম (৩৩), আলমগীরের ভাই মো. জাহাঙ্গীর হোসেন (৩৫) ও তাঁর স্ত্রী রিনা বেগম (২৪)। তাঁদের মধ্যে সাদ্দাম, শফিকুল ও জাহাঙ্গীর আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে পিবিআইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
পিবিআই সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর বিয়ের জন্য পাত্রী দেখতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন আলমগীর। এরপর তাঁর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা ১৭ নভেম্বর মুন্সিগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। একই দিন সন্ধ্যায় সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের কালিনগর এলাকায় একটি আকাশমণি গাছের বাগানে খড়ের স্তূপের ভেতর থেকে তাঁর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের সঙ্গে পাওয়া জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়।
এ ঘটনায় আলমগীরের মা ছায়েরা বেগম বাদী হয়ে ১৮ নভেম্বর সিরাজদিখান থানায় হত্যা মামলা করেন। পরদিন ১৯ নভেম্বর পিবিআই মুন্সিগঞ্জ জেলা মামলাটির তদন্তভার গ্রহণ করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত করে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ইট ও দুটি ব্যাটারিচালিত মিশুক অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
পিবিআইয়ের তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঘটনার প্রায় তিন মাস আগে আলমগীর তাঁর ভাই জাহাঙ্গীর ও ভাবি রিনা বেগমের কাছে এক ভরি স্বর্ণালঙ্কার জমা রাখেন। পরে আলমগীরকে না জানিয়ে ওই স্বর্ণের তিন আনা রিকাবীবাজারের একটি দোকানে বন্ধক রেখে আট হাজার টাকা নেন জাহাঙ্গীর ও রিনা। এ নিয়ে আলমগীরের সঙ্গে তাঁদের বিরোধ তৈরি হয়।
একপর্যায়ে জাহাঙ্গীর স্বর্ণের বন্ধকসংক্রান্ত স্লিপ ও টাকা শফিকুলের কাছে রেখে মানিকগঞ্জে চলে যান। পরে বন্ধক রাখা স্বর্ণ ছাড়িয়ে রিকাবীবাজারের অন্য একটি দোকানে আবার বন্ধক রাখা হয়। বিষয়টি জানতে পেরে আলমগীর তাঁর ভাই ও ভাবির কাছে স্বর্ণ ফেরত চান। এ নিয়ে তাঁদের মধ্যে একাধিকবার তর্ক-বিতর্ক হয়। স্থানীয়ভাবে সালিসও বসে। সালিসে আলমগীরের স্বর্ণালঙ্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়।
তবে স্বর্ণ ফেরত না দিয়ে ঘটনার প্রায় ১০ দিন আগে জাহাঙ্গীর ও রিনা আলমগীরকে হত্যার পরিকল্পনা করেন বলে জানিয়েছে পিবিআই। এ কাজে সহায়তার জন্য সাদ্দামকে এক লাখ টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়।
তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, পরিকল্পনা অনুযায়ী সাদ্দাম ও শফিকুল বিয়ের জন্য পাত্রী দেখানোর কথা বলে আলমগীরকে বাড়ি থেকে ডেকে নেন। পরে দুটি মিশুক অটোরিকশায় তাঁকে নিয়ে রিকাবীবাজার থেকে বালুচরের দিকে রওনা হন। পথিমধ্যে জাহাঙ্গীর ও রিনার ভাড়া করা আরও দুই ব্যক্তি অটোরিকশায় ওঠেন।
ঘটনাস্থলে পৌঁছানোর পর আলমগীরের পকেটে থাকা টাকা ও স্বর্ণালঙ্কার খুঁজতে থাকেন তাঁরা। এ সময় আলমগীর চিৎকার করলে ওই দুই ব্যক্তি তাঁকে মারধর করেন এবং মুখ চেপে ধরে মাটিতে ফেলে দেন। একপর্যায়ে ইট দিয়ে তাঁর মাথায় আঘাত করা হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে মরদেহ গোপন করতে খড় দিয়ে ঢেকে রেখে তাঁরা পালিয়ে যান বলে পিবিআই জানিয়েছে।
পিবিআই জানায়, মামলার তদন্তে গ্রেপ্তার ব্যক্তিদের স্বীকারোক্তি ও দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ইট ও দুটি মিশুক অটোরিকশা জব্দ করা হয়েছে। তবে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ভাড়া করা দুই ব্যক্তি এখনো আটক হননি।
এসব তথ্য নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জুবায়ের হোসেন বলেন, বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।









