মুন্সিগঞ্জ শহরের মাঠপাড়ায় দরজার তালা ভেঙে চুরি, ৩ ভরি স্বর্ণসহ দুই চোর গ্রেপ্তার
মুন্সিগঞ্জ, ৫ অক্টোবর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ শহরের মাঠপাড়া এলাকায় দরজার তালা ভেঙে বাসায় চুরির ঘটনায় চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার তাঁতীবাজারের একটি জুয়েলার্স থেকে চোরাই তিন ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার দেওয়ান বাড়ী এলাকার মৃত দেওয়ান আশরাফ আলীর ছেলে দেওয়ান মো. ওসমান মাসুদ রানা (৫০) ও দেওয়ান মোহাম্মদ মারুফ হোসেন (৩৮)। তারা বর্তমানে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া সাবান ফ্যাক্টরি মাঠসংলগ্ন এলাকায় বসবাস করতেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৪ জুন সকাল ১১টা ৪০ মিনিট থেকে দুপুর ১২টা ১৫ মিনিটের মধ্যে মাঠপাড়া এলাকার বাসিন্দা সালমা আক্তারের (২৯) বাসার দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে চোরেরা। পরে কাঠের আলমারি ভেঙে প্রায় পাঁচ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় সালমা আক্তার বাদী হয়ে মুন্সিগঞ্জ সদর থানায় মামলা করেন।
মামলার পর সদর থানা পুলিশের একটি দল চোরদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালায়। এর ধারাবাহিকতায় ৩ অক্টোবর রাত ১২টা ৫ মিনিটে মাঠপাড়া এলাকা থেকে ওসমান মাসুদ রানা ও মারুফ হোসেনকে গ্রেপ্তার করা হয়।
পরে তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ৪ অক্টোবর সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ঢাকার তাঁতীবাজার এলাকার এস এস জুয়েলার্সে অভিযান চালিয়ে বিক্রি করা চোরাই তিন ভরি স্বর্ণালংকার উদ্ধার করে পুলিশ।
মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তসলিমউদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন।
এ ঘটনায় মুন্সিগঞ্জ সদর থানায় দণ্ডবিধির ৪৫৪ ও ৩৮০ ধারায় মামলা হয়েছে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।









