মুন্সিগঞ্জে প্রবাসীর ৩৫ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণ নিয়ে স্ত্রী উধাও, অন্যত্র বিয়ের অভিযোগ
৯০৭

মুন্সিগঞ্জ, ৫ অক্টোবর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়ায় মালয়েশিয়া প্রবাসী এক ব্যক্তির ব্যাংকে পাঠানো ৩৫ লাখ টাকা ও প্রায় ২০ লাখ টাকা মূল্যের ১০ ভরি স্বর্ণালংকার নিয়ে স্ত্রী বাবার বাড়িতে চলে যাওয়ার অভিযোগ উঠেছে।

একই সঙ্গে প্রথম স্বামীকে আইনি বিচ্ছেদ না দিয়ে অন্য এক যুবককে বিয়ে করারও অভিযোগ করেছেন ওই প্রবাসী।

ভুক্তভোগী মো. জসিম (৪০) গজারিয়া উপজেলার কালীপুরা এনএস কান্দি গ্রামের মো. এস্তেজ আলা সরকারের ছেলে। এ ঘটনায় তিনি গত সোমবার গজারিয়া থানায় তিনজনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্তরা হলেন—জসিমের স্ত্রী মোর্শেদা আক্তার মুন্নি (৩০), তাঁর বাবা হযরত আলী (৫৫), উভয়ের বাড়ি গজারিয়া উপজেলার চেঙ্গারকান্দি গ্রামে এবং চর বাউশিয়া এলাকার মো. রাসেল (৩০)।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে ইসলামী শরিয়াহ অনুযায়ী হযরত আলীর মেয়ে মোর্শেদা আক্তার মুন্নির সঙ্গে জসিমের বিয়ে হয়। তাঁদের সংসারে জেরিন (১৪) ও ইয়াসিন (১২) নামে দুই সন্তান রয়েছে। বিয়ের পর পরিবারের আর্থিক স্বচ্ছলতার জন্য জসিম মালয়েশিয়ায় পাড়ি জমান।

প্রবাসে অবস্থানকালে দীর্ঘ আট বছরে উপার্জিত প্রায় ৩৫ লাখ টাকা তিনি স্ত্রীর ব্যাংক হিসাবে পাঠান বলে অভিযোগে উল্লেখ করেছেন। প্রায় চার বছর আগে দেশে ফিরে স্ত্রীকে ওই টাকার হিসাব দিতে বললে তিনি কোনো হিসাব না দিয়ে টালবাহানা করতে থাকেন বলে দাবি জসিমের।

জসিমের অভিযোগ, প্রায় দুই বছর আগে তাঁর অনুপস্থিতির সুযোগে স্ত্রী ঘরে থাকা ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে বাবার বাড়িতে চলে যান। ওই স্বর্ণালংকারের বর্তমান আনুমানিক বাজারমূল্য ২০ লাখ টাকা বলে দাবি তাঁর।

ভুক্তভোগী জসিম বলেন, ‘গত ১৫ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে আমি স্ত্রীকে বাড়িতে ফিরে আসতে বলি। এ সময় স্ত্রী ও তাঁর বাবা আমাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখান এবং প্রাণনাশের হুমকি দেন। পাশাপাশি মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার হুমকিও দেওয়া হয়।’

তিনি আরও অভিযোগ করেন, গত ৪ অক্টোবর তাঁকে কোনো আইনি বিচ্ছেদ না দিয়েই তাঁর স্ত্রী মোর্শেদা আক্তার মুন্নি চর বাউশিয়া এলাকার মো. রাসেলের সঙ্গে বিয়ে করেছেন।

এ বিষয়ে গজারিয়া থানার একজন কর্মকর্তা বলেন, ভুক্তভোগী প্রবাসীর লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ