ফুলদী নদীর উপর সেতু নির্মাণে নতুন আশার আলো, পরিদর্শনে এলেন সড়ক প্রতিমন্ত্রী
27

মুন্সিগঞ্জ, ২২ মে ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়ায় বহুল প্রত্যাশিত ফুলদী নদীর ওপর সেতু নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন রেলপথ, সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

আজ শুক্রবার (২২ মে) বিকেল ৫টার দিকে উপজেলার রসুলপুর খেয়াঘাট এলাকায় যান তিনি। এর আগে মেঘনা-গোমতী সেতুর গজারিয়া প্রান্তে প্রতিমন্ত্রীকে স্বাগত জানান মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন।

স্থানীয় সূত্রে জানা যায়, গজারিয়াবাসীর দীর্ঘদিনের দাবি ফুলদী নদীর ওপর একটি সেতু নির্মাণ। ২০০২ সালের ২৮ ফেব্রুয়ারি তৎকালীন যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করলেও দুই যুগ পেরিয়ে গেলেও নির্মাণকাজ শুরু হয়নি। পরে ২০১১ সালে একনেক সভায় বিষয়টি উপস্থাপন করা হলেও প্রয়োজনীয় তথ্য-উপাত্তের অভাবে সিদ্ধান্ত ঝুলে যায়।

ফুলদী নদীর দুই পাড়ে গজারিয়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনা থাকায় প্রতিদিন হাজারো মানুষ ঝুঁকি নিয়ে নদী পারাপার করেন। দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটাতে সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, এই সেতু নির্মাণে আমাদের আগ্রহের কমতি নেই। জনগণের প্রতি দেওয়া প্রতিশ্রুতি পূরণে আমরা বদ্ধপরিকর। অর্থায়নের বিষয় থাকলেও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে দ্রুত সেতুর কাজ শুরু করার চেষ্টা করা হবে।

এ সময় সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) হামিদা মোস্তফাসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ