প্রধানমন্ত্রী যাওয়ার আগে খোঁজ নেননি কেউই, এখন সব নেতারা ছুটছেন রামিসার বাসায়
মুন্সিগঞ্জ, ২৩ মে ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
রাজধানীর পল্লবীতে নির্মম হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসা আক্তারের মৃত্যুর পর প্রথমদিকে পরিবারটির পাশে তেমন কাউকে দেখা যায়নি।
স্বজনদের অভিযোগ, ঘটনার পর কয়েকদিন তারা ছিলেন একপ্রকার অসহায়। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান রামিসার বাসায় গিয়ে খোঁজখবর নেওয়ার পর হঠাৎ করেই বদলে যায় পুরো চিত্র।
এখন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও প্রভাবশালী ব্যক্তিরা ছুটছেন রামিসার বাড়িতে।
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মধ্যম শিয়ালদি গ্রামের বাড়িতে প্রতিদিনই ভিড় করছেন নানা শ্রেণি-পেশার মানুষ। কেউ সমবেদনা জানাতে, কেউ সহায়তার আশ্বাস দিতে, আবার কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের জন্য ছবি ও ভিডিও ধারণ করতে আসছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, অনেকে আবার নিজস্ব সাংবাদিক ও ফটোগ্রাফার নিয়ে আসছেন। পরিবারের পাশে দাঁড়ানোর চেয়ে ছবি তোলা আর মিডিয়ার সামনে দাড়িয়ে বক্তব্য দিতেই যেন তাদের বেশি আগ্রহ।
স্বজনদের অভিযোগ, কেউ কেউ বাড়িতে এসে দীর্ঘ সময় অবস্থান করে ভিডিও ধারণ করছেন, লাইভ করছেন এবং বিভিন্ন ভঙ্গিতে ছবি তুলছেন। বারবার শোকাহত পরিবারের সদস্যদের নানা প্রশ্ন করায় তারাও বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ছে।
রামিসার বড় বোন রাইসা বলেন, আমরা বিচার চাই। আমাদের কষ্টটা বুঝুক সবাই। শুধু ছবি তুলে বা ফেসবুকে পোস্ট দিয়ে চলে গেলে তো হবে না।
এদিকে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও পরিবারের সঙ্গে যোগাযোগ করছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দ্রুত তদন্ত শেষ করে চার্জশিট দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
তবে পরিবারের দাবি, তারা এখন আর আশ্বাস নয়, দৃষ্টান্তমূলক বিচার দেখতে চান তারা।





