আইসিইউতে জনপ্রিয় রাজনীতিক আব্দুল হাই, ছুটে গেলেন এমপি আব্দুস সালাম আজাদ
১৯০

মুন্সিগঞ্জ, ৩ অক্টোবর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন বিএনপির প্রবীণ নেতা, সাবেক উপমন্ত্রী ও পাঁচবারের সংসদ সদস্য আব্দুল হাইকে দেখতে হাসপাতালে গেছেন মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ।

শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় হাসপাতালে গিয়ে আব্দুল হাইয়ের শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি। এ সময় তাঁর চিকিৎসার বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন আব্দুস সালাম আজাদ।

এছাড়াও একইদিন আব্দুল হাইকে দেখতে যান মিরকাদিম পৌর বিএনপির সভাপতি জসিমউদ্দীন প্রমুখ।

দীর্ঘদিন ধরে অসুস্থ আব্দুল হাইয়ের শারীরিক অবস্থার অবনতি হলে প্রায় তিন দিন আগে তাঁকে পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। হৃদরোগজনিত সমস্যা ও বিভিন্ন জটিলতায় ভুগছেন তিনি। শনিবার তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাঁকে আইসিইউতে নেওয়া হয়।

আব্দুল হাইয়ের বড় ছেলে ইফতেখারুল আলম রিপন বিষয়টি নিশ্চিত করে জানান, তাঁর বাবা বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তিনি মুন্সিগঞ্জবাসীসহ সবার কাছে তাঁর বাবার দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরেই সক্রিয় রাজনীতি থেকে দূরে রয়েছেন আব্দুল হাই। এতদিন তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন।

মুন্সিগঞ্জের রাজনীতিতে দীর্ঘদিনের পরিচিত মুখ আব্দুল হাই বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ও স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে অবিভক্ত ঢাকা-৮ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। পরে মুন্সিগঞ্জের আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে আরও চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। রাজনৈতিক জীবনে তিনি স্থানীয় সরকার উপমন্ত্রীর দায়িত্বও পালন করেন।

এর আগে শুক্রবার রাতে গুরুতর অসুস্থ আব্দুল হাইকে দেখতে একই হাসপাতালে যান মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন। এ সময় তাঁর স্ত্রী নুর-ই জান্নাত রোশনী ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুলতান আহমেদ উপস্থিত ছিলেন।
পরিবারের পক্ষ থেকে আব্দুল হাইয়ের দ্রুত সুস্থতার জন্য মুন্সিগঞ্জবাসীসহ সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

 

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ