২৪ মামলার আসামি মুন্সিগঞ্জের ‘গাঁজা মনির’ এবার ৩০০ ইয়াবাসহ গ্রেপ্তার
মুন্সিগঞ্জ, ৫ অক্টোবর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ মনির হোসেন ওরফে ‘গাঁজা মনির’ (৫৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশের দাবি, তার বিরুদ্ধে মাদক, হত্যা, অস্ত্র ও মারামারিসহ মোট ২৪টি মামলা রয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলার ডিঙ্গাভাঙ্গা এলাকায় শহীদ দেওয়ানের বাড়ির সামনের পায়ে হাঁটা কাঁচা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মনির হোসেন ডিঙ্গাভাঙ্গা এলাকার মৃত সবুর মন্ডলের ছেলে।
জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই (নি.) রাশেদ মুন্সীর নেতৃত্বে অভিযান চালিয়ে মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ মেনহাজুল আলম এসব তথ্য নিশ্চিত করেন।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।









