হৃদরোগে মারা গেছেন মুন্সিগঞ্জ সেনা ক্যাম্প প্রধান ও মাওয়া সেনানিবাসের অধিনায়ক লে. কর্নেল আকিব জাভেদ
95

মুন্সিগঞ্জ, ১৩ মে ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সেনা ক্যাম্প প্রধান ও মাওয়া সেনানিবাসের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আকিব জাভেদ (৪০), পিএসসি হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, আজ বুধবার সকালে মাওয়া সেনানিবাসে অফিসার্স আইপিএফটি চলাকালে তিনি আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়েন। ১ম অর্ধ-বার্ষিক আইপিএফটি’র প্রথম দিনের ১ দশমিক ৬ কিলোমিটার দৌড় সম্পন্ন করার পর সকাল আনুমানিক ৬টা ৩২ মিনিটে তিনি হঠাৎ অচেতন হয়ে পড়েন।

পরে তাৎক্ষণিকভাবে তাকে অ্যাম্বুলেন্সযোগে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাতে নিজ জেলা গোপালগঞ্জে সেনা কর্মকর্তা আকিব জাভেদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল আকিব জাভেদ দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। তার নেতৃত্বগুণ, কর্মদক্ষতা, সাহসিকতা ও মানবিক আচরণ সহকর্মী এবং অধীনস্থ সদস্যদের কাছে অনুকরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তার অকাল মৃত্যুতে সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার এই অকাল প্রয়াণে দেশ ও বাহিনী একজন দক্ষ, চৌকস ও নিবেদিতপ্রাণ সেনা কর্মকর্তাকে হারালো।

এদিকে, তার সম্পর্কে স্মৃতিচারণ করতে গিয়ে এক ফেসবুক স্ট্যাটাসে আমার বিক্রমপুরের প্রকাশক সাংবাদিক শিহাব আহমেদ লিখেছেন, ‘অবিশ্বাস্য একটা খবর। কিভাবে কি লিখবো ঠিক স্থির হতে পারছি না। ৫ আগস্ট পরবর্তী সময়ে মুন্সিগঞ্জবাসীকে যিনি নিরবে ছায়া দিয়ে গেছেন। অনেক ইস্যু যা আপনারা সাধারণ চোখে দেখেন না, জানেন না। কোন প্রচার-বিনিময় ছাড়াই যিনি সমস্ত কিছু মোকাবিলা করেছেন, অস্থায়ী মুন্সিগঞ্জ সেনা ক্যাম্প ও মাওয়া সেনানিবাসের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আকিব জাভেদ ভাই আজ সকালে মাওয়া সেনানিবাসে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাতে নিজ জেলায় তার দাফন সম্পন্ন হয়েছে। তিনি ব্যক্তিগতভাবে আমার একজন শুভাকাঙ্খী ছিলেন। সবশেষ জাতীয় নির্বাচন ও পরবর্তী সময়েও তিনি আমার কাজের বেশ প্রশংসা করেছেন। স্টার নিউজের অফিসে ফোন করেও কৃতজ্ঞতা জানিয়েছেন। আরও অনেক কথা, যা প্রকাশযোগ্য না…. মরহুমের রুহের মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা।’

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ