সিরাজদিখানের রাজানগর বাজারে পুলিশের হানা, চোলাই মদসহ ধরা খেলেন গাফফার
মুন্সিগঞ্জ, ১৫ জুন ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে অভিযান চালিয়ে ২০ লিটার চোলাই মদসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৬ হাজার টাকাও জব্দ করা হয়।
সোমবার রাতে মুন্সিগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ সুপারের নির্দেশনায় জেলার বিভিন্ন থানা ও ফাঁড়িতে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সিরাজদিখান থানার শেখেরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে।
অভিযানে রাজানগর ইউনিয়নের রাজানগর বাজার এলাকা থেকে ইরাজ বেপারী ওরফে গাফফারকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক বিক্রির ৬ হাজার টাকা জব্দ করা হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।









