‘শহরের প্রায় সাড়ে পাঁচ লক্ষ মানুষকে দুর্ভোগে ফেলে ফুটপাত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়’- ডিসি
2

মুন্সিগঞ্জ, ১৫ সেপ্টেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ শহরের ফুটপাত দখল করে অবৈধভাবে দোকান ও অস্থায়ী স্থাপনা বসিয়ে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।

আজ মঙ্গলবার দুপুর ১২টায় জেলা প্রশাসনের আয়োজনে পুরাতন কাচারি এলাকার ক্ষুদ্র ও হকার ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, মুন্সিগঞ্জ শহরের ফুটপাত কোনোভাবেই দখল হতে দেওয়া হবে না। অবৈধ দখল ও অপরিকল্পিত স্থাপনার কারণে শহরকে জঞ্জালের শহরে পরিণত হতে দেওয়া হবে না। জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা প্রশাসনের অন্যতম দায়িত্ব।

তিনি বলেন, অল্প কিছু মানুষের ব্যবসায়িক সুবিধার জন্য মুন্সিগঞ্জ শহরের প্রায় সাড়ে পাঁচ লক্ষ মানুষকে দুর্ভোগে ফেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ফুটপাত ও সড়কের জায়গা দখলের কারণে পথচারীদের চলাচল ব্যাহত হচ্ছে। পাশাপাশি যানজট ও জনদুর্ভোগও ক্রমাগত বাড়ছে।

জেলা প্রশাসক অবৈধভাবে স্থাপিত দোকান, অস্থায়ী স্থাপনা ও ফুটপাতের ওপর থাকা দখল নিজ নিজ দায়িত্বে স্বেচ্ছায় সরিয়ে নেওয়ার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে নির্ধারিত ও বৈধ স্থানে ব্যবসা পরিচালনা এবং প্রশাসনের চলমান কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

সভায় পুরাতন কাচারি এলাকার ব্যবসায়ীরা তাদের বিভিন্ন বিষয় তুলে ধরেন। এ সময় শহরের ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখা, যানজট নিরসন, পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং পুরাতন কাচারি এলাকার ব্যবসা-বাণিজ্য আরও সুশৃঙ্খলভাবে পরিচালনার বিষয়ে আলোচনা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান। আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম, জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত, স্থানীয় সরকারের উপপরিচালক মৌসুমী মাহবুব, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার, মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু, সাধারণ সম্পাদক গোলজার হোসেনসহ হকার, ক্ষুদ্র ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ