মুন্সিগঞ্জ লঞ্চঘাট ঘিরে হবে ‘অবকাশ কেন্দ্র’, দোকানপাট না বসানোর পক্ষে মত
মুন্সিগঞ্জ, ১৫ সেপ্টেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ লঞ্চঘাট এলাকাকে অবৈধ দখলমুক্ত করে একটি নান্দনিক ও আদর্শ অবকাশকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ঘাট এলাকায় নতুন করে দোকানপাট বসানোর পরিবর্তে জনসাধারণের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও উন্মুক্ত পরিবেশ নিশ্চিত করার পক্ষে মত দিয়েছেন সংশ্লিষ্টরা।
আজ মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে মুন্সিগঞ্জ লঞ্চঘাট এলাকায় জমি সংক্রান্ত আপত্তি নিষ্পত্তি, অবৈধ দখল উচ্ছেদ এবং ঘাট এলাকাকে অবকাশকেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তাদের সঙ্গে এক সভায় এসব বিষয়ে আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। প্রধান অতিথি ছিলেন, মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান।
সভায় পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. ইরাদত, স্থানীয় সরকারের উপপরিচালক মৌসুমী মাহবুব, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার, মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপুসহ বিআইডব্লিউটিএর কর্মকর্তা এবং লঞ্চঘাট এলাকার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
সভায় লঞ্চঘাট এলাকার জমি সংক্রান্ত আপত্তি ও বিরোধ নিষ্পত্তি, সরকারি ও বিআইডব্লিউটিএর সম্পত্তিতে অবৈধ দখল চিহ্নিত করে উচ্ছেদ, ঘাট এলাকার শৃঙ্খলা ও পরিবেশ উন্নয়ন এবং জনসাধারণের জন্য নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ তৈরির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনায় লঞ্চঘাট এলাকায় নতুন করে দোকানপাট বসিয়ে জায়গা সংকুচিত না করে পুরো এলাকাকে পরিকল্পিতভাবে সাজানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে ঘাটের খালি জায়গা ও নদীর পাড়কে জনসাধারণের বিনোদন ও অবকাশযাপনের উপযোগী করে তোলার বিষয়ে মতামত দেওয়া হয়।
সভায় মুন্সিগঞ্জ লঞ্চঘাটকে জেলার অন্যতম আকর্ষণীয় ও আদর্শ অবকাশকেন্দ্র হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়। পাশাপাশি জনস্বার্থে প্রয়োজনীয় অবকাঠামো, নাগরিক সুবিধা ও সৌন্দর্যবর্ধনের কাজ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএর সমন্বয়ে জমি সংক্রান্ত বিরোধ ও অবৈধ দখল চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি লঞ্চঘাটের সার্বিক পরিবেশ উন্নয়নে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে সভায় আলোচনা হয়।







