মুন্সিগঞ্জ সদরের নয়াগাঁও এলাকায় ডিবির অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
মুন্সিগঞ্জ, ৯ সেপ্টেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ রাজন মোল্লা (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার মধ্যরাত রাত ৩টা ২০ মিনিটের দিকে সদর থানার নয়াগাঁও বিল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মুন্সিগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় জেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে নয়াগাঁও বিল্লাপাড়া এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
অভিযানে ডিবির এসআই (নি.) রাশেদ মুন্সীর নেতৃত্বে সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্স নিয়ে সোহাগের মালিকানাধীন বাড়ির সামনের ফাঁকা জায়গায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৬০০ পিস ইয়াবাসহ রাজন মোল্লাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাজন মোল্লা ভাসমান হিসেবে পরিচিত। তিনি মৃত আবুল কাশেম মোল্লার ছেলে এবং নয়াগাঁও বিল্লাপাড়ায় সোহাগের বাড়ির ভাড়াটিয়া বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।









