মুন্সিগঞ্জে বিক্রির সময় ৫০ হাজার টাকার হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার
মুন্সিগঞ্জ, ১৫ সেপ্টেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে হেরোইন বিক্রির সময় দুই নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৫০ হাজার টাকা।
আজ মঙ্গলবার বিকেল পৌনে ৬টার দিকে শ্রীনগর স্টেডিয়াম সংলগ্ন গ্যারান্টি ফার্নিচার দোকানের সামনের পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন—মোছা. সাবিনা বেগম (৩০) ও মোছা. আইরিন ওরফে রত্না বেগম (৩৮)।
পুলিশ জানায়, সাবিনা বেগম দক্ষিণ মেদিনী মণ্ডল এলাকার যশলদিয়া প্রকল্পে ভাসমানভাবে বসবাস করেন। অপরদিকে আইরিন ওরফে রত্না বেগম একই এলাকার বাসিন্দা এবং বর্তমানে শ্রীনগর উপজেলা সংলগ্ন এলাকায় জিল্লু মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকেন।
জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এসআই (নি.) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।








