জাপানে এশিয়ান গেমসে অংশ নেয়ার সুযোগ পেল সাইক্লিস্ট- মুন্সিগঞ্জের ছেলে আলিফ
3

মুন্সিগঞ্জ, ১৫ সেপ্টেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠেয় ২০তম এশিয়ান গেমসে প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় সাইক্লিং দলের হয়ে অংশ নিচ্ছেন মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার সন্তান ও দেশের স্বনামধন্য সাইক্লিস্ট শাহাদাত হোসেন আলিফ।

বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক পারভেজ হাসানের স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানা গেছে।

পত্রে বলা হয়েছে, আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। এতে অংশগ্রহণের জন্য বাংলাদেশ জাতীয় সাইক্লিং দলের দুইজন খেলোয়াড় ও একজন কোচকে মনোনয়ন দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন শাহাদাত হোসেন আলিফ।

এশিয়ান গেমসে আলিফ দুটি ইভেন্টে অংশ নেবেন। আগামী ২০ সেপ্টেম্বর ইন্ডিভিজুয়াল টাইম ট্রায়াল (আইটিটি) ইভেন্টে ৩২ কিলোমিটার এবং ২৩ সেপ্টেম্বর রোড মাস স্টার্ট রেসে ১২৮ কিলোমিটার পথ পাড়ি দেবেন তিনি।

এর আগে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় সাফল্য দেখিয়ে আলোচনায় আসেন আলিফ। রাজধানীর জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা ২০২৬-এ ইন্ডিভিজুয়াল টাইম ট্রায়াল (আইটিটি) ইভেন্টে সোনা জেতেন তিনি। ৩০ কিলোমিটারের ওই প্রতিযোগিতায় প্রায় ৪৪ মিনিট সময় নিয়ে শীর্ষস্থান অর্জন করেন আলিফ। বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবিসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিযোগীদের পেছনে ফেলে তিনি এ সাফল্য অর্জন করেন।

বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত ওই জাতীয় প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা ও সংস্থার ২২টি দলের ২২৪ জন পুরুষ ও নারী সাইক্লিস্ট অংশ নেন। প্রতিযোগিতায় স্প্রিন্ট, টাইম ট্রায়াল ও প্যারাস্যুটসহ সাইক্লিংয়ের বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়।

শাহাদাত হোসেন আলিফ মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নের বাগবাড়ি গ্রামের বাদশা শেখের ছেলে। জাতীয় পর্যায়ে সাফল্যের পর এবার আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন তিনি।

এশিয়ান গেমসে নিজের প্রথম অংশগ্রহণ নিয়ে আলিফ বলেন, দুটি ইভেন্টে নিজের সেরাটা দেওয়ার লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছেন তিনি। দেশের হয়ে ভালো ফলাফল অর্জন করতে চান এই তরুণ সাইক্লিস্ট।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ