মোল্লাকান্দিতে ফ্রিজে মাছ-মাংস-আইসক্রিমের সঙ্গে পাওয়া গেল অস্ত্র-গুলি
1

মুন্সিগঞ্জ, ১০ জুন ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের মধ্য মাকহাটি এলাকায় একটি দোকানের ফ্রিজ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বুধবার বিকেল পৌনে পাঁচটার দিকে মধ্য মাকহাটি জামে মসজিদসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. রাজিব মাঝি ওরফে নয়ন মাঝি (৪০)। তিনি মধ্য মাকহাটি গ্রামের বাসিন্দা।

ডিবি পুলিশের দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় রাজিব মাঝির দোকানের সামনে কয়েকজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে রাজিব মাঝিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

পুলিশ বলছে, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে রাজিব মাঝির দেওয়া তথ্য অনুযায়ী তাঁর দোকানের ভেতরে থাকা একটি ফ্রিজ তল্লাশি করা হয়। সেখানে মাছ, মাংস ও আইসক্রিমের সঙ্গে রাখা অবস্থায় একটি সচল বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা কার্তুজ পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজিব মাঝি পুলিশকে জানান, সিফাত মাঝি (২২) নামে এক ব্যক্তি ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় অস্ত্রগুলো তাঁর দোকানে ফেলে যান। পরে তিনি অস্ত্র ও গুলি দোকানের ফ্রিজের ভেতরে লুকিয়ে রাখেন।

পুলিশের ভাষ্য, পলাতক সিফাত মাঝি মধ্য মাকহাটি গ্রামের আমিনুল হক মাঝির ছেলে।

জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় রাজিব মাঝিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে সিফাত মাঝিকে আসামি করে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ