মুন্সিগঞ্জে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর
মুন্সিগঞ্জ, ২১ অক্টোবর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় আকরামুল ইসলাম রুহি (১৮) নামে এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আবু বকর (২৫) নামে অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন।
আজ বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বাউশিয়া এলাকায় সজীব পাম্পের পাশে মহাসড়কের কুমিল্লামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকরামুল ইসলাম রুহি কুমিল্লার দাউদকান্দি উপজেলার সুন্দলপুর গ্রামের মৃত হেলাল উদ্দিন শিকদারের ছেলে। সে স্থানীয় সুন্দল আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। আগামী ২০২৭ সালে তার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। আহত আবু বকর একই গ্রামের মতিন খানের ছেলে।
প্রত্যক্ষদর্শী মো. রনি জানান, বিকট শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে তাঁরা মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে পড়ে থাকতে দেখেন। এ সময় মোটরসাইকেলে থাকা দুই আরোহীকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
নিহতের মামা সোহেল মিয়া বলেন, ‘আমার ভাগিনা ২০২৭ সালে এসএসসি পরীক্ষার্থী ছিল। আগামী ২৭ অক্টোবর তার টেস্ট পরীক্ষা দেওয়ার কথা ছিল। কিন্তু আজ সড়ক দুর্ঘটনায় সে মারা গেল। ছোটবেলায় তার বাবা মারা যাওয়ায় আমার বোন ছেলেকে নিয়ে আমাদের বাড়িতে থাকতেন। এখন আমি আমার বোনকে কীভাবে সান্ত্বনা দেব!’
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফাহমিনা তাহসিন জানান, বিকেল ৩টা ৫৫ মিনিটে দুজনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে রুহি হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যায়। গুরুতর আহত আবু বকরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ভবেরচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও মরদেহ নিজেদের হেফাজতে নেয়। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।









