মুন্সিগঞ্জে জমকালো আয়োজনে ক্রিকেট ক্লাব ‘ড্রিম ইলেভেন’-এর জার্সি উন্মোচন ও পুনর্মিলনী
মুন্সিগঞ্জ, ২০ অক্টোবর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে মুন্সিগঞ্জের ক্রিকেট ক্লাব ‘ড্রিম ইলেভেন মুন্সিগঞ্জ’-এর নতুন অফিসিয়াল জার্সি উন্মোচন ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ক্লাবের খেলোয়াড় ও সদস্যরা একত্রিত হয়ে কেক কেটে আনন্দ উদযাপন করেন।
অনুষ্ঠানে দলের অন্যতম ক্রিকেটার মেহরাব হোসেন জশি, সনেট, জুনায়েদ প্রান্ত, নিলয় চৌধুরী, সাঈদ টুটুল, রাসেল, রিয়াদ ও পায়েলসহ ক্লাবের অন্তত ৩৮ জন ক্রিকেটার উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে খেলোয়াড়দের পরনে ছিল নীল ও বেগুনি রঙের সংমিশ্রণে তৈরি ক্লাবের নতুন অফিসিয়াল জার্সি। জার্সিতে ‘DREAM ELEVEN MUNSHIGANJ’ নামটি ফুটিয়ে তোলা হয়েছে। নতুন জার্সি উন্মোচনকে ঘিরে খেলোয়াড়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। পাশাপাশি দীর্ঘদিনের সতীর্থদের একসঙ্গে হওয়ার মধ্য দিয়ে আয়োজনটি পরিণত হয় মিলনমেলায়।
অনুষ্ঠানের একপর্যায়ে ক্লাবের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনায় সবাই মিলে কেক কাটেন। এ সময় খেলোয়াড় ও সদস্যরা পারস্পরিক সম্প্রীতি, দলীয় সংহতি এবং ঐক্য বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
ক্লাবের সদস্যরা জানান, ক্রিকেটের প্রতি ভালোবাসা এবং পারস্পরিক বন্ধনকে আরও দৃঢ় করাই এ ধরনের আয়োজনের অন্যতম উদ্দেশ্য। আগামী দিনের বিভিন্ন ম্যাচ ও টুর্নামেন্টে ভালো পারফরম্যান্সের মাধ্যমে মুন্সিগঞ্জের সুনাম তুলে ধরতে চান তাঁরা।
নতুন জার্সি উন্মোচন ও পুনর্মিলনীর মধ্য দিয়ে ক্লাবের খেলোয়াড়দের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং ভবিষ্যতে দলীয় সাফল্যের পথ আরও প্রসারিত হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।









