মুন্সিগঞ্জের টরকিতে ২৪০ ক্যান বিদেশি বিয়ারসহ ডিবি-পুলিশের যৌথ অভিযানে ধরা ৩ জন
109

মুন্সিগঞ্জ, ৫ জুন ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে ২৪০ ক্যান বিদেশি বিয়ারসহ তিনজন গ্রেপ্তার হয়েছে।

জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের টরকি উচ্চ বিদ্যালয় (জুনিয়র স্কুল) সংলগ্ন সেতুর ওপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

অভিযানে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মোহাম্মদ কামরুল হাসান, এসআই দিপঙ্কর কুন্ডু এবং সদর থানার এসআই সাদ্দাম মোল্লা ও এসআই রিয়াদুজ্জামানের নেতৃত্বে পুলিশ সদস্যরা অংশ নেন।

এ সময় টরকী এলাকার সুমন মিঝি (২৮) ও খান জাহান আলীকে (২৪) আটক করে তাদের কাছ থেকে ৭২ ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত বিয়ারের ক্যানগুলোর গায়ে “MARTENS BREWED IN BELGIUM FAMILY BREWED PREMIUM BEER” লেখা ছিল।

আটক দুজনকে জিজ্ঞাসাবাদের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে রাত ১০টা ৫ মিনিটের দিকে টরকী এলাকার একটি পুকুরপাড় সংলগ্ন ঝোপে অভিযান চালানো হয়। সেখানে মো. লিংকন মিঝি (২৫) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১৬৮ ক্যান একই ব্র্যান্ডের বিদেশি বিয়ার।

পুলিশ জানায়, দুই অভিযানে মোট ২৪০ ক্যান বিদেশি বিয়ার জব্দ করা হয়েছে এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে আজ আদালতে প্রেরণ করা হবে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ