মুন্সিগঞ্জে বান্ধবির সাথে দেখা করার কথা বলে বেরিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্রী
মুন্সিগঞ্জ, ১৫ জুন ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগীবাড়ী উপজেলার আব্দুল্লাপুর ইউনিয়নের দক্ষিণ পাইকপাড়া (পাইটালবাড়ী) এলাকার অর্পিতা নন্দী (১৭) নামে এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। গত ১৪ জুন সকাল আনুমানিক ৯টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ অর্পিতা নন্দী স্থানীয় পাইকপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। তিনি রতন চন্দ্র নন্দী ও অর্চনা রানী রায়ের মেয়ে।
অর্পিতার মা অর্চনা রানী রায় টংগীবাড়ী থানায় দায়ের করা এক অভিযোগে জানান, ১৪ জুন সকালে অর্পিতা তার ছোট বোন অলি নন্দীকে (১২) সঙ্গে নিয়ে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরে স্কুলে পৌঁছে ছোট বোনকে রেখে অর্পিতা তার বান্ধবী জান্নাতের সঙ্গে দেখা করার কথা বলে স্কুলসংলগ্ন জান্নাতের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়।
কিন্তু দীর্ঘ সময় পার হলেও অর্পিতা স্কুলে ফিরে না আসায় তার ছোট বোন অলি নন্দী একাই বাড়িতে ফিরে আসে এবং বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। পরে অর্পিতার খোঁজ নিতে তার মা জান্নাতের বাড়িতে গেলে জান্নাত বিভিন্ন ধরনের তালবাহানামূলক কথা বলতে থাকে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এরপর পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও অর্পিতা নন্দীর কোনো সন্ধান পাননি। পরবর্তীতে তাকে কোথাও খুঁজে না পেয়ে টংগীবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তার মা।
নিখোঁজ কিশোরীর সন্ধান পেলে পরিবারের মোবাইল নম্বর ০১৩২৩-৬৫৪৯৬২-এ যোগাযোগ করতে অথবা নিকটস্থ থানায় জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।
পরিবারের দাবি, অর্পিতাকে দ্রুত খুঁজে বের করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।









