মুন্সিগঞ্জে গাঁজা খেয়ে এলাকায় উৎপাত করায় তিনজনকে ৩ মাসের জেল
মুন্সিগঞ্জ, ২০ সেপ্টেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভার টেংগর এলাকায় মাদকদ্রব্য সেবন করে এলাকায় অসৌজন্যমূলক আচরণের অভিযোগে এক নারীসহ তিনজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের মধ্যে দুজনকে ৫০ টাকা করে এবং অপরজনকে ৬০ টাকা জরিমানা করা হয়েছে।
আজ রোববার সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত মিরকাদিম পৌরসভার টেংগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে দণ্ডাদেশ দেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফা।
সূত্রমতে, দণ্ডপ্রাপ্তরা হলেন- নৈদিঘিরপাথর এলাকার পিংকি বেগম (৩৪), মো. মান্নান মিয়া (৪২) ও বাপ্পি মিয়া (২৬)।
ইউএনও জানান, মাদকদ্রব্য সেবন করে এলাকায় অসৌজন্যমূলক আচরণ ও উৎপাত করার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তিনজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি দুজনকে ৫০ টাকা করে এবং অপরজনকে ৬০ টাকা অর্থদণ্ড করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র উপপরিদর্শক পলাশ কান্তি রায় জানান, এলাকাতে মাদকের উৎপাত ও মাদক লেনদেন সংক্রান্ত তথ্য পেয়ে আমরা অভিযান করি। আমাদের উপস্থিতি টের পেয়ে বড় পক্ষটি পালিয়ে যায়। পরে এদেরকে আটক করি। এসময় তারা এলাকায় উৎপাত ও প্রভাব বিস্তারের চেষ্টা করে।









