মুন্সিগঞ্জের পুকুরপাড়ায় ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
মুন্সিগঞ্জ, ২৭ জুন ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল শুক্রবার (২৬ জুন) রাত ৮টা ৫০ মিনিটের দিকে মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নি.) রাশেদ মুন্সীর নেতৃত্বে একটি দল সদর থানাধীন দক্ষিণ রামগোপালপুর (পুকুরপাড়া) এলাকায় অভিযান চালায়।
এ সময় জনৈক রফিকুল ইসলামের বাড়ির সামনের পাকা রাস্তা থেকে ইমন বেপারী (২৯), পিতা- আক্তার বেপারী, সাং- কাগজীপাড়া এবং আনিসুর রহমান খান কাজল (৪৫), পিতা- মৃত আব্দুল মতিন খান, সাং- সরকারপাড়া, মুন্সিগঞ্জ সদরকে আটক করা হয়।
পরে তাদের কাছ থেকে ২০০ (দুইশত) পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মুন্সিগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।







