বারবার পুরনো লোক নিয়েই মুন্সিগঞ্জে বিএনপি’র নতুন কমিটি
মুন্সীগঞ্জ সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত মুক্তারপুরের কদমরসুল হিমাগারে অনুষ্ঠিত হয় এ সম্মেলন। বর্তমান কমিটিকে বিলুপ্ত করে পুনরায় বর্তমান সভাপতি আলহাজ্ব মোঃ মহিউদ্দিন আহম্মদকে সভাপতি ও মাহাবুবুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
সম্মেলনে সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ মহিউদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপমন্ত্রী ও জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল হাই। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর রিপন মল্লিক।
এ সময় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ন-সম্পাদক আতোয়ার হোসেন বাবুল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান খান, শহর বিএনপির সভাপতি মুন্সীগঞ্জ পৌর মেয়র এ কে এম ইরাদত মানু, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম শহিদ. মিরকাদীম পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন আহম্মেদ সহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
সম্মেলনে সদর উপজেলা বিএনপির পুরাতন কমিটি বিলুপ্ত করে সভাপতি পদে আর কোন প্রার্থী না থাকায় বর্তমান কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মহিউদ্দিন আহম্মেদকে পুনরায় নতুন কমিটির সভাপতি হিসাবে ঘোষণা করা হয়।
সাধারণ সম্পাদক পদে দু’জন প্রার্থী থাকায় ৯ টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদককের ১৮ টি ভোটারের মধ্যে ১৭ জনের ভোটের ফলাফলে মাহাবুবুর রহমান খান ৯ ভোট ও মনির হোসেন পান ৮ টি ভোট । এক ভোটের ব্যবধানে মনির হোসেনকে পরাজিত করে সাধারণে সম্পাদক পদে নির্বাচিত হন মাহাবুবুর রহমান খান।




