বসলো দ্বিতীয় স্প্যান, দৃশ্যমান পদ্মা সেতুর ৩০০ মিটার
প্রথম স্প্যান বসানোর প্রায় চার মাস পর পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ৩৮ ও ৩৯ নং পিয়ারের ওপর দ্বিতীয় স্প্যান ৭বি (সুপার স্ট্রাকচার) স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে সেতুর ৩০০ মিটার দৃশ্যমান হলো।
শনিবার সকাল থেকেই ৩ হাজার ৬০০ টন ধারণ ক্ষমতার এ স্প্যান বসানোর আনুষ্ঠানিকতা শুরু হয়। এর আগে সেটি ৩৮ ও ৩৯ নং পিয়ারের মাঝামাঝি আনা হয়। দুপুর ১২টার দিকে ১৫০ মিটার দৈর্ঘ্য ও তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি দুই পিলারের লিফটিং ফ্রেম ও বেয়ারিংয়ের ওপর বসানো হয়।
পদ্মা সেতুর প্রকৌশলীরা জানান, ৩৫ নং পিলার এলাকা থেকে স্প্যানটি ক্রেনে করে ৩৮ ও ৩৯ নং পিলার এলাকায় আনা হয়। ৩৮ নং পিলারের সঙ্গে ৭বি স্প্যানটিকে স্থায়ী ওয়েল্ডিং করে দেওয়া হবে। ইতিমধ্যে লোড বহনের জন্য লিফটিং ফ্রেম তৈরি করা হয়েছে। স্প্যানটি পিয়ারের ওপর রাখার পর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে। সব কিছু মিলিয়ে দুই থেকে তিন ঘণ্টা সময় লাগবে।
শনিবার পদ্মা সেতুর বিশেষজ্ঞ প্যানেল প্রকল্প এলাকায় সরেজমিন সভা করে। প্যানেলে প্রধান অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীর নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞ প্যানেলের উপস্থিতিতে এ স্প্যান বসানোর কাজ চলছে।
সেখানে পদ্মা সেতু প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম, মূল সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের, ঠিকাদার প্রতিষ্ঠান মেজর চায়না ব্রিজ অ্যান্ড কোম্পানির কর্মকর্তা, প্রকৌশলীরা উপস্থিত আছেন।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর জাজিরা প্রান্তের ৩৭ ও ৩৮ নম্বর পিয়ারের ওপর প্রথম স্প্যান বসানো হয়। এরপর বিভিন্ন সমস্যার কারণে আর কোনো স্প্যান বসানো সম্ভব হয়নি।





