টরন্টো উৎসবে পুরস্কৃত গাজার কিশোরীর গল্প এবং অন্যান্য বিজয়ী ছবি
‘থার্টিন ইন গাজা’র দৃশ্য। আইএমডিবি
৩৫

যুদ্ধবিধ্বস্ত গাজার একটি শরণার্থীশিবিরে বেড়ে ওঠা ১৩ বছরের এক কিশোরীর জীবন নিয়ে নির্মিত ফিলিস্তিনি নির্মাতা হোসাম আবু দানের ‘থার্টিন ইন গাজা’ ছবি ৫১তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (টিআইএফএফ) শেষ দিনে নেটপ্যাক পুরস্কার জিতেছে। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রথম বা দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য ছবি নির্মাণ করা পরিচালকদের কাজের মধ্য থেকে এ পুরস্কার প্রদান করা হয়। ৭৭ মিনিটের এই ছবিটি পুরোপুরি গাজায় স্থানীয় ফিলিস্তিনি কলাকুশলীদের নিয়ে ধারণ করা হয়েছে।

উৎসবের মূল পিপলস চয়েজ অ্যাওয়ার্ড জিতেছে হাভিয়ের কালভো ও হাভিয়ের আমব্রোসির স্পেনীয় ছবি ‘লা বোলা নেগ্রা’। ১৯৭৮ সাল থেকে উৎসবে আসা দর্শকের ভোটে এই পুরস্কার দেওয়া হচ্ছে। এ ছাড়া ভারতের থেজা রিও পরিচালিত ‘আং’ জিতেছে প্ল্যাটফর্ম পুরস্কার। ভারত-মিয়ানমার সীমান্তবর্তী নাগাল্যান্ডের একটি গ্রামের শেষ জীবিত প্রধানকে ঘিরে আবর্তিত হয়েছে ছবিটির গল্প এবং বেশির ভাগ সংলাপ কোনিয়াক ভাষায় হওয়ায় এটি অস্কারের সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে সরাসরি যোগ্যতা অর্জনের সুযোগ পাচ্ছে।

‘থার্টিন ইন গাজা’–কে পুরস্কৃত করার ব্যাখ্যায় নেটপ্যাক জুরি জানায়, গাজার চলমান পরিস্থিতির মধ্যে ছবিটি মানুষের দুর্ভোগকে নিছক প্রদর্শনীতে পরিণত করেনি, বরং জীবনের সব জটিলতাকে শক্তিশালী দৃশ্যের মাধ্যমে তুলে ধরেছে। পুরস্কার অর্জনের পর হোসাম আবু দান এক বিবৃতিতে জানান, গাজার অসংখ্য বেদনাদায়ক গল্পের মধ্য থেকে একটি মানুষের গল্প বিশ্বের সঙ্গে ভাগ করে নিতে পেরে এবং গাজার কণ্ঠ দর্শকের কাছে পৌঁছানোয় তারা গভীরভাবে গর্বিত।

এবারের উৎসবে কানাডার সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার জিতেছে সারভিল পোবলেতের ‘সানবার্ন’। জুরির মতে, টরন্টোর ব্লিকার স্ট্রিট এলাকার কিশোর-কিশোরীদের বেড়ে ওঠার এই গল্পটি প্রাণবন্ত, মজার ও গভীরভাবে মানবিক। এ ছাড়া কানাডীয় নির্মাতা কোডি লাইটনিংয়ের ‘স্মাজ দ্য ব্লেডস’ জিতেছে বেস্ট কানাডিয়ান ডিসকভারি অ্যাওয়ার্ড। আন্তর্জাতিক পিপলস চয়েজ অ্যাওয়ার্ড জিতেছে সাইমন স্টোনের ‘এলসিনোর’।

রোববার ১১ দিনের প্রদর্শনী, লালগালিচা আর দর্শকের ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে সমাপ্তি ঘটে এবারের আসরের। ১১ দিনে ৭২টি দেশের ২৯৪টি ছবি প্রদর্শিত হয় এবং ৯৮টি লালগালিচায় অংশ নেন আট শতাধিক শিল্পী ও চলচ্চিত্রকর্মী। সমাপনী দিনেও বিভিন্ন বিজয়ী ছবির বিশেষ প্রদর্শনীর মধ্য দিয়ে উৎসবের আমেজ বজায় ছিল।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ