বিটিভির ‘নতুন কুঁড়ি ২০২৬’: ১ অক্টোবর থেকে শুরু হচ্ছে আবেদন প্রক্রিয়া
সামিনা চৌধুরী, ঈশিতা, তারিন, তিশাদের উত্তরসূরি খুঁজতে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’কোলাজ
৩৩

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রিয় শিশু-কিশোর প্রতিভা অন্বেষণমূলক প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’র নতুন আসর বসতে যাচ্ছে। আগামী ১ অক্টোবর থেকে ‘নতুন কুঁড়ি ২০২৬’-এর জন্য আবেদন গ্রহণ শুরু হবে, যা চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। মঙ্গলবার রাতে বিটিভির ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিটিভি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রাথমিক বাছাইয়ের মাধ্যমে এই প্রতিযোগিতা শুরু হবে। বিভাগীয় পর্যায়ের বাছাই শেষে চূড়ান্ত পর্ব ও ফাইনাল অনুষ্ঠিত হবে ঢাকায়। প্রতিযোগিতার বিষয়গুলোর মধ্যে রয়েছে অভিনয়, আবৃত্তি, গল্প বলা ও কৌতুক, সাধারণ ও উচ্চাঙ্গ নৃত্য, দেশাত্মবোধক ও আধুনিক গান, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, লোকসংগীত এবং হামদ-নাত।

বয়সের ভিত্তিতে প্রতিযোগীদের দুটি প্রধান শাখায় ভাগ করা হয়েছে। ‘ক’ শাখায় অংশ নিতে পারবে ৬ থেকে ১১ বছর বয়সী শিশুরা এবং ‘খ’ শাখায় ১১ থেকে ১৫ বছর বয়সীরা। এছাড়া ক্বিরাত প্রতিযোগিতার জন্য আলাদা একটি শাখা রাখা হয়েছে, যেখানে ১২ থেকে ১৭ বছর বয়সীরা অংশগ্রহণের সুযোগ পাবে।

দীর্ঘ বিরতির পর ২০২৫ সালে পুনরায় শুরু হওয়া এই আয়োজনের মাধ্যমে আবারও নতুন প্রজন্মের প্রতিভাবানদের খুঁজে বের করার উদ্যোগ নিয়েছে বিটিভি। গত আসরে ‘ক’ ও ‘খ’ বিভাগে যথাক্রমে টাঙ্গাইলের প্রেয়সী চক্রবর্তী ও সুনামগঞ্জের শুভমিতা তালুকদার চ্যাম্পিয়ন হয়েছিল। এবারও সারা দেশের প্রান্তিক পর্যায় থেকে প্রতিভা অন্বেষণ করা হবে।

‘নতুন কুঁড়ি’র ইতিহাস বেশ সমৃদ্ধ। ১৯৬৬ সালে পাকিস্তান টেলিভিশনে প্রথম শুরু হলেও স্বাধীনতার পর ১৯৭৬ সালে মুস্তাফা মনোয়ারের প্রযোজনায় এটি নতুন রূপ পায়। ২০০৫ সাল পর্যন্ত নিয়মিত চলার পর দীর্ঘ সময় বন্ধ ছিল এই আয়োজন। এই মঞ্চ থেকেই উঠে এসেছেন তারানা হালিম, সামিনা চৌধুরী, রুমানা রশিদ ঈশিতা, তারিন জাহান ও মেহের আফরোজ শাওনের মতো জনপ্রিয় তারকারা।

বিটিভির মহাপরিচালক কাজী জেসিন জানান, স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে আগামী দিনের সাংস্কৃতিক নেতৃত্বের উপযোগী কিশোর-কিশোরীদের খুঁজে বের করাই এই আয়োজনের মূল লক্ষ্য। জাতীয় গণমাধ্যম হিসেবে জাতির মনন গঠনের উপযোগী বিষয়বস্তুকে এখানে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বর্তমান প্রজন্মের ডিজিটাল নির্ভরতার কথা মাথায় রেখে এবার সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবেও প্রচারণার বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। মহাপরিচালক আরও জানান, প্রাথমিক বাছাইয়ে নির্বাচিতদের গল্পগুলো ডিজিটাল প্ল্যাটফর্মে তুলে ধরা হবে যাতে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয় এবং টেলিভিশনমুখী দর্শক সংখ্যা বৃদ্ধি পায়।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ