টংগিবাড়ীতে অা.লীগ-বিএনপি মুখোমুখি, ১৪৪ ধারা জারি
একই স্থানে একই সময়ে আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি সভা আহ্বান করায় মুন্সিগঞ্জের টংগিবাড়ীর বালিগাঁও বাজার-সংলগ্ন বিদ্যালয় মাঠ ও আশপাশ এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার রাতে জারি করা ১৪৪ ধারা আজ শনিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বলবৎ থাকবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
ফলে বিএনপি ও আওয়ামী লীগের আহ্বান করা পাল্টাপাল্টি সভা অনুষ্ঠিত হতে বাঁধা হয়ে দাড়ালো প্রশাসন।
জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি সুলতান আহমেদ জানান, টংগিবাড়ী উপজেলার বালিগাঁও বাজার-সংলগ্ন বিদ্যালয় মাঠে বিএনপি কর্মিসভার আয়োজন করতে মৌখিক অনুমতি নিয়ে শনিবার সব আয়োজন সম্পন্ন করে। এই কর্মীসভায় বিএনপির কেন্দ্রীয় নেতারাও উপস্থিত থাকার কথা ছিলো।
তবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মো. লুৎফর রহমান জানান, স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা সভা আহ্বান করেছিলেন। বিষয়টি জেলার নেতৃবৃন্দ জানতে পেরে দলীয় নেতাকর্মীদের সভা করতে নিষেধ করেন।





