৪২টি প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে মুন্সিগঞ্জের রাজীব মজুমদারের গান ‘শহর জুড়ে রোদ’
মুন্সিগঞ্জ, ১৩ আগস্ট ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সংগীতাঙ্গনের পরিচিত মুখ রাজীব মজুমদারের নতুন গান ‘শহর জুড়ে রোদ’ প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক ৪২টি মিউজিক প্ল্যাটফর্মে। Spotify, YouTube Music, Apple Music, iTunes ও Amazon Musicসহ বিভিন্ন আন্তর্জাতিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে গানটি শোনা যাচ্ছে।
বড় কোনো আয়োজন বা স্টুডিওকেন্দ্রিক পরিকল্পনা নয়, বরং কাজের ফাঁকে নিজের ঘরেই শখের বসে গানটি তৈরি করেছেন রাজীব মজুমদার। গানটির কথা লিখেছেন সায়ান্ত স্যান্নাল জিতু। আর গানটির সুর করেছেন রাজীব নিজেই।
রাজীব মজুমদার মুন্সিগঞ্জ পৌরসভার বাগমামুদালিপাড়া এলাকার বাসিন্দা। পেশাগত কারণে বর্তমানে পরিবার নিয়ে ঢাকায় বসবাস করছেন। বর্তমানে তিনি একটি সিমেন্ট ফ্যাক্টরিতে ডিজাইনার হিসেবে কর্মরত।
সংগীতের সঙ্গে রাজীবের পথচলা শুরু ২০০২ সালে। বড় ভাইদের হাত ধরে ‘প্রতিশ্রুতি’ ব্যান্ডের মাধ্যমে সংগীতজগতে প্রবেশ করেন তিনি। সে সময় ব্যান্ডটিতে বাপন, নূপুর ও পলাশসহ আরও কয়েকজন সংগীতশিল্পী ছিলেন।
২০০৬ সালে বন্ধুদের নিয়ে ‘অনুশীলন’ নামে আরেকটি ব্যান্ড গড়ে তোলেন রাজীব। একসময় মুন্সিগঞ্জে ব্যান্ডটি বেশ জনপ্রিয় হয়ে ওঠে। এরপর পড়াশোনার কারণে দীর্ঘ বিরতি নিয়ে ঢাকায় চলে যান তিনি।
দীর্ঘ বিরতির পর ২০১৫ সালে মুন্সিগঞ্জের ফয়েজ, ফারাজ, নাহিন ও জয়কে সঙ্গে নিয়ে ‘মানুষ’ ব্যান্ডের মাধ্যমে আবার সংগীতচর্চায় ফিরেন রাজীব। মূলত গিটারিস্ট হিসেবে পরিচিত হলেও ‘মানুষ’ ব্যান্ডে এসে নিয়মিত গান গাওয়া শুরু করেন তিনি। এর আগে অন্য ব্যান্ডগুলোতেও টুকটাক গান করলেও প্রধান ভোকাল হিসেবে কাজ করেননি।
নতুন গান ‘শহর জুড়ে রোদ’-এর কথাগুলো প্রায় এক বছর আগে লিখে দেন সায়ান্তন সান্যাল (জিতু)। পরে সেই কথায় সুর করেন রাজীব। গানটির সুরের প্রয়োজনে ‘শহর জুড়ে রোদ, ঘরে ভীষণ অন্ধকার’—এই লাইনটি যুক্ত করেন তিনি।
রাজীব মজুমদার বলেন, ‘বড় কোনো পরিকল্পনা করে নয়, কাজের ফাঁকে নিজের ঘরে শখের বসেই গানটি তৈরি করেছি। সংগীতের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। গিটার বাজানোই মূলত আমার পরিচয় ছিল, তবে মানুষ ব্যান্ডে এসে গান করাও শুরু করি। নতুন গানটি শ্রোতাদের ভালো লাগলে সেটিই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।’
‘শহর জুড়ে রোদ’ গানটি Spotify, YouTube Music, Apple Music, iTunes, Amazon Musicসহ আন্তর্জাতিক ৪২টি মিউজিক প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে।
গান শুনুন:









