২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | সকাল ৮:৪০
মুন্সিগঞ্জ: সদর আসনে প্রার্থী নেই জামায়াতের, জেলায় এনসিপির প্রার্থী একজন
খবরটি শেয়ার করুন:
275

মুন্সিগঞ্জ, ৩০ ডিসেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের তিনটি আসনের মধ্যে শুধুমাত্র মুন্সিগঞ্জ-২ (লৌহজং-টংগিবাড়ী) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন মাজেদুল ইসলাম।

তিনি লৌহজং উপজেলার হাড়িদিয়া ইউনিয়নের নুরপুর গ্রামের বাসিন্দা। জেলার বাকি দুটি আসনে এনসিপির কোনো প্রার্থীকে মনোনয়নপত্র জমা দিতে দেখা যায়নি।

ফলে মাজেদুল ইসলামই জেলায় দলটির একমাত্র প্রতিনিধি হিসেবে লড়াইয়ে আছেন।

অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জেলার দুটি আসনে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। মুন্সিগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন এ কে এম ফখরুদ্দিন রাজী। তার স্থায়ী ঠিকানা সিরাজদিখানের কুচিয়ামোড়া ইউনিয়নের হালুয়াপাড়া এলাকায়।

এছাড়া মুন্সিগঞ্জ-২ (লৌহজং-টংগিবাড়ী) আসনে জামায়াতের হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন এ বি এম ফজলুল করীম। তিনি লৌহজং উপজেলার কলমা এলাকার বাসিন্দা।

তবে মুন্সিগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি। ধারণা করা হচ্ছে, এখানে ইসলামিক জোটের প্রার্থী হিসাবে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুফতি নুর হোসাইন নুরানিকে সমর্থন দেয়া হতে পারে। তাই নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ দেখাননি জামায়াত প্রার্থী।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের সময়সীমা শেষ হওয়ার পর এখন শুরু হচ্ছে যাচাই-বাছাইয়ের কাজ। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত চলবে মনোনয়নপত্র বাছাই। এরপর বাছাইয়ে বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানি চলবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি এবং তার পরের দিন অর্থাৎ ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক পাওয়ার পর প্রার্থীরা ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল পর্যন্ত। সবশেষে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সারা দেশের ন্যায় মুন্সিগঞ্জের ভোটাররাও তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।