মুন্সিগঞ্জে সিগারেট আনতে গিয়ে নিখোঁজ দোকান কর্মচারী, থানায় স্ত্রীর অভিযোগ
মুন্সিগঞ্জ, ৪ আগস্ট ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া বাজার থেকে সিগারেট আনতে বের হয়ে আফজল সরদার (৫৫) নামে এক মুদি দোকানের কর্মচারী নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী হালিমা বেগম লৌহজং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, আফজল সরদার লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর হলদিয়া (বাহার কান্দি) এলাকার বাসিন্দা। তিনি গত প্রায় চার মাস ধরে হলদিয়া বাজারের ব্যবসায়ী মিজানুর রহমানের মুদি দোকানে কর্মচারী হিসেবে কাজ করছিলেন।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ১ আগস্ট দুপুর আনুমানিক ১টা ১৮ মিনিটে দোকানের মালিক তাকে সিগারেট আনতে মুন্সিগঞ্জের শ্রীনগর বাজারে পাঠান। এরপর তিনি দোকান থেকে বের হয়ে গেলেও আর ফিরে আসেননি। দীর্ঘ সময় অপেক্ষার পরও তার কোনো খোঁজ না পেয়ে দোকানের মালিক বিষয়টি পরিবারের সদস্যদের জানান।
এরপর আফজল সরদারের স্ত্রী হালিমা বেগম আত্মীয়স্বজনকে নিয়ে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কোথাও তার সন্ধান না পেয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবহিত করেন। তাদের পরামর্শে তিনি লৌহজং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে হালিমা বেগম উল্লেখ করেন, আত্মীয়স্বজনের সঙ্গে আলোচনা করে থানায় আসতে কিছুটা সময় লাগায় অভিযোগ করতে বিলম্ব হয়েছে। তিনি তার স্বামীকে দ্রুত খুঁজে বের করতে পুলিশের সহযোগিতা কামনা করেছেন।
যদি কোনো ব্যক্তি আফজল সরদারের সন্ধান পেয়ে থাকেন বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে তার পরিবারের সঙ্গে ০১৩১৯-৩১৯৮৭০ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।









