মুন্সিগঞ্জে শহীদ মিনারে ফুল দেয়ার উদ্দেশ্যে বের হয়ে ছাত্রলীগ নেতার মর্মান্তিক মৃত্যু
শহীদ মিনারে ফুল দেয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে সড়ক দূর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে সিরাজদিখান উপজেলার কে.বি ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মিহীর মৃধা।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে মুন্সিগঞ্জের টংগীবাড়ি উপজেলার বেতকা চৌরাস্তায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় একই ইউনিয়নের মো. জাকারিয়ার ছেলে জিসান (২২) ও মো. জামাল শেখর ছেলে মো. রানা (২২) আহত হয়েছেন।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসাইন বিষয়টি নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভাষা শহীদদের স্মরণে বিক্রমপুর কে বি ডিগ্রি কলেজে শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়।
মুন্সিগঞ্জ সদরের সিপাহীপাড়ার ফুলের দোকান থেকে ফুল নিয়ে মোটরসাইকেলে করে যাওয়ার পথে মিহিরের মোটরসাইকেলের চাকা পাংচার হয়ে যায়।
এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশে গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে মিহিরসহ আরও দুইজন গুরুতর আহত হন। তাৎক্ষণিক স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাবীব ইবনে আব্দুল্লাহ জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই মিহিরের মৃত্যু হয়। আহত অন্য দুইজনকে ঢাকা পঙ্গু হাসাপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
এদিকে ছাত্রলীগ নেতার মৃত্যুর খবর পেয়ে তৎক্ষনাৎ হাসপাতালে ছুটে অাসেন বাংলাদেশ অাওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও ৩ অাসনের সাংসদ মৃণাল কান্তি দাস।
এসময় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।







