বিএনপি ক্ষমতায় গেলে দূর্নীতি প্রাতিষ্ঠানিক রুপ পাবে- মুন্সিগঞ্জে কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতু ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেত্রী যদি আদালতের রায়ে নির্বাচনের যোগ্যতা হারায়, সেক্ষেত্রে সরকারের কিছু করার নেই।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির অপরাধী চরিত্র উন্মোচন হওয়ার তাদের গাত্রদাহ শুরু হয়েছে।
তিনি মঙ্গলবার দুপুরে ঢাকা-মাওয়া মহাসড়কে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা পরিদর্শনে এসে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলী পয়েন্টে সাংবাদিকের সঙ্গে আলাপকালে একথা বলেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দন্ডিত পলাতক আসামি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার মধ্য দিয়ে প্রমাণিত হয় যে বিএনপি ক্ষমতায় গেলে দেশ আবারও দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে এবং দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নেবে।
এ সময় সিরাজদিখান উপজেলার চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহম্মেদসহ দলীয় নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট সরকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত মহাসড়কটিতে অভিযান চালিয়ে ছয়টি যানের বিরুদ্ধে ছয়টি মামলা রুজু করেছে। জরিমানা করেছে সাড়ে ১৪ হাজার টাকা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট (আদালত-৭) মুহাম্মদ আব্দুর রহিম সুজন মোবাইল কোর্ট পরিচালনা করেন।







