১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শনিবার | সকাল ১১:৪১
মুন্সিগঞ্জে রেডক্রিসেন্ট সদস্যদের নিজ হাতে রান্না করা ইফতারে ৫০ রোজাদারের মুখে হাসি
খবরটি শেয়ার করুন:
86

মুন্সিগঞ্জ, ২০ ফেব্রুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি হরগঙ্গা কলেজ রেডক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে পথচারী ও দুস্থদের মাঝে ইফতার পৌঁছে দেওয়ার বিশেষ কর্মসূচি শুরু হয়েছে।

আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রমজানের প্রথম দিনে শহরের বিভিন্ন পয়েন্টে ৫০ জন রোজাদারের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।

সরকারি হরগঙ্গা কলেজ রেডক্রিসেন্ট ইউনিটের দলনেতা সাজ্জাদ হোসেন আপনের বিশেষ উদ্যোগে এই মানবিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পুরো রমজান মাস জুড়ে প্রতি শুক্রবার এই ইফতার বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

এদিনের ইফতারের বিশেষ আকর্ষণ ছিল রেডক্রিসেন্টের যুব সদস্যদের নিজেদের হাতে রান্না করা স্বাস্থ্যসম্মত বিরিয়ানি। বিরিয়ানির পাশাপাশি ইফতার সামগ্রীর প্যাকেটে ছিল খেজুর, শরবত ও সুপেয় পানির বোতল।

আয়োজকরা জানান, বিভিন্ন প্রবাসী, রেডক্রিসেন্ট যুব সদস্য এবং সমাজের বিত্তবান ব্যক্তিদের আর্থিক সহযোগিতায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। নিজেদের শ্রম ও ভালোবাসায় রান্না করা খাবার ক্ষুধার্ত মানুষের মাঝে পৌঁছে দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন স্বেচ্ছাসেবী তরুণরা।

এ বিষয়ে দলনেতা সাজ্জাদ হোসেন আপন বলেন, “পথের মানুষ ও অসহায় রোজাদারদের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। আমাদের এই ক্ষুদ্র প্রয়াসে যারা অর্থ ও শ্রম দিয়ে সহযোগিতা করছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। পুরো রমজান মাস জুড়ে আমাদের এই কার্যক্রম সচল থাকবে।”

বিকেলে মুন্সিগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ঘুরে ঘুরে রোজাদারদের হাতে এই ইফতার প্যাকেটগুলো পৌঁছে দেন ইউনিটের অন্যান্য সদস্যরা।