মুন্সিগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে ৩ জনের কারাদন্ড
মুন্সিগঞ্জ, ১১ জুন ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে মাদকবিরোধী টাস্কফোর্সের পৃথক অভিযানে একজনকে ছয়মাসের ও দুইজনকে তিনমাসের কারাদন্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, রোববার সকাল ১০টার দিকে টংগিবাড়ী উপজেলার পুরাপাড়া এলাকা থেকে অভিযুক্ত আসামী মো. জাহাঙ্গীর শেখকে (৩৫) ৩০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন ছয় মাসের দন্ডাদেশ দেন। সে উপজেলার পুরাপাড়া এলাকার মৃত আ. মান্নান শেখের পুত্র।
অপরদিকে, দুপুর ২ টার দিকে মুন্সিগঞ্জ শহরের কোর্টগাও এলাকার ইদ্রাকপুর কেল্লার পাশে পরিত্যক্ত জায়গা থেকে রামপাল ইউনিয়নের কাগজীপাড়া এলাকা থেকে মো. ওসমানের পুত্র শাহিন (৪৮) ও নয়াগাও এলাকার মৃত আফাজ উদ্দিনের পুত্র আব্দুর রহমানকে (৪৫) ৬ পুরিয়া হেরোইনসহ আটক করা হয়। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিম মিয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম ভূঁঞা এসব তথ্য নিশ্চিত করেন।


