মুন্সিগঞ্জে মাকে জবাই করে হত্যা করল ছেলে
মুন্সিগঞ্জ সদর উপজেলায় মাকে জবাই করে হত্যা করেছে ছেলে।
থানা কাউন্সিল এলাকায় ছেলে মোঃ রতন (৩০) ছুরি দিয়ে মা জাহানারা বেগমকে (৭০) গলা কেটে হত্যা করে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।
মুন্সিগঞ্জ সদর থানা পুলিশ রতনকে আটক করেছে।
নিহত জাহানারা বেগমের মেয়ে মনি (২৭) জানান, নেশাগ্রস্ত অবস্থায় কেনাকাটা শেষ করে বাসায় আসলে মায়ের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মাকে ছুরি দিয়ে কোপাতে থাকে। এসময় আমি ঠেকাতে গেলে আমার হাতে জখম করে। আমি বর্তমানে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছি।
স্থানীয় ভাড়াটিয়া জানান, নিজস্ব বাড়িতে চার ভাই এবং এক বোন নিয়ে বসবাস করে আসছিল। বড় ছেলে রতন উগ্র স্বভাবের। প্রায়ই নেশাগ্রস্ত অবস্থায় বাসায় ফিরে।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসাইন জানান, ছেলে মাকে জবাই করে হত্যা করেছে। আমরা ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিস্তারিত খতিয়ে দেখা যাচ্ছে। এই ঘটনায় ছেলে রতনকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে।




