মুন্সিগঞ্জে ট্রাক চাপায় স্কুল ছাত্র নিহত
মুন্সিগঞ্জ, ২৩ ফেব্রুয়ারি, ২০২২, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সদরের সিপাহীপাড়া-মিরকাদিম সড়কে ট্রাকচাপায় এক শিশু নিহত হয়েছে।
আজ বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে সদর উপজেলার রামপাল ইউনিয়নের কাঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত স্কুল ছাত্র আপন (১০) পঞ্চসারের বাইন্নাবাড়ি নামক এলাকার আল আমিন সৈয়ালের ছেলে।
সে পঞ্চসারের ভট্টাচার্যের বাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র।
দুর্ঘটনার পর স্থানীয় উত্তেজিত জনতা সিপাহীপাড়া-মিরকাদিম সড়ক ও বনিক্যপাড়া এলাকার মুক্তারপুর-মাওয়া সড়ক আটকে যান চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরিবার সূত্রে জানা যায়, দুপুরে বাসা থেকে সাইকেল চালাতে বের হয় আপন। সাইকেল নিয়ে সে কাঠালতলা এলাকায় সড়কে পৌছালে একটি বালুবাহী ট্রাক তাকে চাঁপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
ঘটনাস্থল থেকে মুন্সিগঞ্জ সদর থানার এসআই মো. ফরিদ জানান, দূর্ঘটনার খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধারের পর মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় সেটি আটক করা যায়নি, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।









