মুন্সিগঞ্জে কুপিয়ে হত্যার ঘটনায় ৩জন অাটক
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢিখাল এলাকায় ধারালো অস্ত্র দিয়ে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় ৩ জনকে আটক করেছে শ্রীনগর থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মুন্সিগঞ্জ সদরের আদালতপাড়া থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-মো. রতন (২২), মো. আরিফ খান (২৪) ও মো. সজিব (২৫)।
শ্রীনগর থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানান, ধারালো অস্ত্র দিয়ে মেরিন খানকে (২৬) কুপিয়ে হত্যা করার ঘটনায় রাঢিখাল মাদ্রাসা থেকে সন্দেহভাজন মো. কুদ্দুসকে (২৫) আটক করা হয়। পরে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মো. রতন, মো. আরিফ খান ও মো. সজিব এই ঘটনায় জড়িত থাকার কারণে বৃহস্পতিবার সকালে আদালতপাড়া থেকে আটক করা হয়।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা আগে থেকেই আদালতপাড়ায় অবস্থান নিই। পরে তাদের আটক করতে সক্ষম হই। তাদের শ্রীনগর থানায় নিয়ে আসা হয়েছে।
উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢিখাল এলাকায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মেরিনকে হত্যা করে দুর্বৃত্তরা। ওই দিন রাতে পুলিশ মরদেহটি উপজেলার উত্তর রাঢ়িখাল থেকে উদ্ধার করে। এই ঘটনায় নিহতের মা ফিরোজা বেগম অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা করেন।









