মুন্সিগঞ্জে কালী মন্দিরে চুরি, প্রতিমার স্বর্ণ-রুপার অলংকারসহ মালামাল চুরি
36

মুন্সিগঞ্জ, ২৮ জুন ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের পশ্চিম শিয়ালদী এলাকার শ্রীশ্রী জয় মা রক্ষা কালী মন্দিরে চুরির অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের দাবি, এ ঘটনায় প্রতিমার স্বর্ণ ও রুপার অলংকারসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে।

গতকাল শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সুনিল দাস বলেন, দুর্বৃত্তরা ৪৩ বছর পুরোনো মন্দিরটির গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে প্রতিমার পরনে থাকা স্বর্ণের টিকলি, টিপ, গলার চেইন এবং পায়ের রুপার পায়েল নিয়ে যায়। তবে প্রতিমা ও মন্দিরের অন্য কোনো সরঞ্জামের ক্ষতি করেনি।

তিনি জানান, মন্দির সংলগ্ন বাড়ির দুইটি ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আলমারি, সোকেস ও টিভির ট্রলির ড্রয়ার ভাঙে দুর্বৃত্তরা। সেখান থেকে নগদ টাকা, সাংসারিক কাজে ব্যবহৃত তৈজসপত্রসহ আনুমানিক ৮ ভরি রুপার মালামাল নিয়ে গেছে।

বাড়িটি ফাঁকা থাকায় রাতের কোনো এক সময় চুরির ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

মন্দিরটির দায়িত্বে থাকা বীরেন দাস বলেন, শেখেরনগর মায়ের আদেশেই এখানে কালী মন্দিরটি নির্মাণ করা হয়েছে। প্রায় ৪৩ বছর ধরে আমরা এখানে পূজা অর্চনা করে আসছি। দূর-দূরান্ত থেকে ভক্তরা এখানে আসেন। এর আগে কখনো এমন ঘটনা ঘটেনি।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, চুরির ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ