মুন্সিগঞ্জে পুলিশের হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া আ. লীগ নেতা গ্রেপ্তার
মুন্সিগঞ্জ, ২৮ জুন ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা অবস্থায় পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতাকে ৩ ঘন্টার ব্যবধানে ফের আটকের পর সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
গতকাল শনিবার রাতে এসব ঘটনা ঘটে।
গ্রেপ্তার সাব্বির শেখ (৩৫) শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও একই এলাকার মানিক শেখের ছেলে।
শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিছুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ২০২৫ সালে দায়েরকৃত সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সাব্বিরকে আটক করতে গতকাল রাত পৌনে ৯টার দিকে পুলিশ তার বাড়িতে যায়। এ সময় তার দুই হাতে হ্যান্ডকাফ পরানো হয়। এতে পরিবারের সদস্যরা উত্তেজিত হয়ে চিৎকার শুরু করেন। পরে আশপাশের লোকজন জড়ো হলে একপর্যায়ে হ্যান্ডকাফ পরা অবস্থায় কৌশলে পালিয়ে যান সাব্বির শেখ।
পরে পুলিশের একাধিক দল অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত পৌনে ১২টার দিকে বাড়ি থেকে ২-৩ কিলোমিটার দূর থেকে তাকে আবার গ্রেপ্তার করা হয়।
‘সাব্বির শেখ কোন মামলার এজাহারভুক্ত আসামি না হলেও সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তদন্তে তার নাম পাওয়া যায়।’- জানায় পুলিশ।
স্বজনদের দাবি, দীর্ঘদিন এলাকার বাইরে থাকলেও গতকাল অসুস্থ মা’কে দেখতে বাড়ি আসেন সাব্বির।
আজ সাব্বির শেখকে আদালতে প্রেরণ করা হবে বলে জানায় পুলিশ।








