মাদ্রাসা শিক্ষকের কাছে ঝাড়ফুঁক নিতে গিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ কিশোরীর
মুন্সিগঞ্জ, ৭ আগস্ট ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় মহিলা মাদ্রাসা শিক্ষকের কাছে ঝাড়ফুঁক নিতে গিয়ে কিশোরী ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে।
এসময় ১৪ বছর বয়সী ভুক্তভোগী নারীকে ধর্ষণ চেষ্টা করার অভিযোগে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি মোহাম্মদ তকীউর রহমান সিদ্দিককে (৪৫) আটক করে গণপিটুনি দেয় এলাকাবাসী। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
আজ বৃহস্পতিবার ভুক্তভোগীর পরিবার ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে শ্রীনগর থানায় মামলা দায়ের করেন বলে নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান।
এর আগে গতকাল বুধবার (৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বালাশুর এলাকায় উল্লেখিত ঘটনা ঘটে।
অভিযুক্ত তকীউর রহমানের বাড়ি চট্টগ্রামে হলেও তিনি দীর্ঘদিন ধরে ওই মহিলা মাদ্রাসা পরিচালনা করে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী বালাশুর এলাকার বাসিন্দা। সে কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিল। সুস্থতার আশায় মাদ্রাসা শিক্ষকের কাছে ঝাড়ফুঁক নিতে গেলে শিক্ষক তাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন। ঘটনা জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে ধরে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


