তিন দিন পর এইচএসসি পরীক্ষায় বসা হলো না মেহেদীর, বন্ধুর মোটরসাইকেল চালাতে গিয়ে গেল প্রাণ
মুন্সিগঞ্জ, ২৯ জুন ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
বেঁচে থাকলে আগামী ২ জুন এইচএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিলো সরকারি হরগঙ্গা কলেজের মানবিক বিভাগের পরীক্ষার্থী মেহেদি হাসান হৃদয়’র (২০)।
কিন্তু বন্ধুর মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার।
গতকাল রোববার (২৮ জুন) রাত ৯টার দিকে সদর উপজেলার চর কেওয়ার ইউনিয়নের ভিটি হোগলা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, নিজের মোটরসাইকেল বাড়িতে থাকলেও বন্ধুর মোটরসাইকেলে করে চরাঞ্চলের দিকে যায় মেহেদি। রাতে শহরে বাড়ির দিকে আসার পথে ভিটিহোগলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের কড়ই গাছের সাথে ছিটকে পড়ে যায় সে। এসময় গুরুতর রক্তাক্ত জখম হলে সাথে থাকা বন্ধুরা উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পথে মৃত্য হয় তার।
মেহেদি আধারা ইউনিয়নের সৈয়দপুর দেওয়ান বাড়ির রুহুল আমিন দেওয়ানের পুত্র। এর আগেও সে এইচএসসি পরীক্ষা দিয়েছিল, তবে উত্তীর্ণ হতে পারেনি। পরিবারসহ দীর্ঘ বছর ধরে শহরের কলেজপাড়া এলাকায় বসবাস করছিলো মেহেদি।
আজ সোমবার কলেজপাড়ায় তার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।









