সৌদি প্রবাসীর স্ত্রীর সাথে মুন্সিগঞ্জের যুবকের পরকীয়া, ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ
মুন্সিগঞ্জ, ১২ নভেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
ঢাকার কেরাণীগঞ্জের এক সৌদি আরব প্রবাসীর স্ত্রী’কে ফুসলিয়ে পরকীয়া সম্পর্কের পর অন্তরঙ্গ মুহুর্তের দৃশ্যধারণ ও সেগুলোর বিনিময়ে অর্থ দাবির অভিযোগ উঠেছে মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার আড়িয়ল এলাকার ওমর ফারুক নামে এক যুবকের বিরুদ্ধে।
এ বিষয়ে ওই যুবক আমার বিক্রমপুরের কাছে সম্পর্কের কথা স্বীকার করলেও ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন।
সৌদি প্রবাসীর স্ত্রী নাজনিন আক্তার অভিযোগ করে জানান, ২০২৫ সালের নভেম্বরে ফেসবুকের মাধ্যমে ওই যুবকের সাথে তার পরিচয় ও সম্পর্ক হয়। পরে তারা কেরানীগঞ্জ ও ঢাকার বিভিন্ন রিসোর্টে অন্তরঙ্গ সময় কাটান। সেসময় ভিডিও ধারণ করে রাখেন ওমর ফারুক। ঘটনাটি জানাজানি হলে ভিডিও ছড়িয়ে দেয়ার কথা বলে অর্থ দাবি করেন।
নাজনিন আক্তার বলেন, এছাড়া আমার ফেসবুক ও জিমেইল অ্যাকাউন্ট এখনো ওই যুবকের কাছে জিম্মি আছে। তিনি সেগুলো বুঝিয়ে দিচ্ছেন না।
এসব অভিযোগের বিষয়ে ওমর ফারুক বলেন, আমি কোন ভিডিও ধারণ করিনি। তাছাড়া টাকা চাওয়ার অভিযোগও মিথ্যা। ওই নারীর ফেসবুক ও জিমেইল অ্যাকাউন্ট আমার কাছে নেই।








