মোল্লাকান্দি: আলু লাগানোর আগেই ফাঁকা ক্ষেত হয়ে উঠল রণক্ষেত্র
মুন্সিগঞ্জ, ১২ নভেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
বৃহস্পতিবার ভোরের আলো তখনো ফোটেনি। কিন্তু স্থানীয় কৃষিজমিগুলোতে মানুষের ব্যাপক উপস্থিতি। হাতে হাতে প্লাস্টিকের বালতি। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় মুহুর্মুহু বিস্ফোরণ। শব্দে আতঙ্কিত হয়ে পড়েন ঘুমে থাকা মানুষ। মুন্সিগঞ্জের মোল্লাকান্দির অন্তত পাঁচটি গ্রামের ফাঁকা ক্ষেত, যেগুলো থেকে সম্প্রতি পানি নেমেছে এবং কিছুদিনের মধ্যেই যেখানে আলু লাগানো হবে, সেগুলোই হয়ে ওঠে রণক্ষেত্র।
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে চারজনসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনাও ঘটে।
গত বুধবার দিবাগত রাত সাড়ে ১১টা থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সদর উপজেলার চরাঞ্চল মোল্লাকান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোল্লাকান্দির নয়াকান্দি, কংসপুরা, চৈতারচর, চরডুমুরিয়া, সামারচরসহ বিভিন্ন এলাকার কৃষিজমিতে এসব সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সম্প্রতি বর্ষার পানি নেমে যাওয়ায় জমিগুলো এখন ফাঁকা। কিছুদিনের মধ্যেই এসব জমিতে আলু চাষের প্রস্তুতি নেওয়ার কথা কৃষকদের। তবে সংঘর্ষে ককটেল বিস্ফোরণ ও গোলাগুলিতে এসব কৃষিজমিই আতঙ্কের জায়গায় পরিণত হয়েছে।
গুলিবিদ্ধ চারজন হলেন নোয়াদ্দা এলাকার বোরহান সিকদার (৪৮), দিদার ঢালী (৫০), সানি সরদার (২৫) ও দিদার সরদার (৫০)। তাঁরা সবাই ফ্রান্সপ্রবাসী বিএনপি নেতা রহিম মোল্লার পক্ষের সমর্থক। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপির দুটি পক্ষ রয়েছে। এক পক্ষের নেতৃত্বে আছেন ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদ রায়হান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতিক মল্লিক ও ফ্রান্সপ্রবাসী বিএনপি নেতা রহিম মোল্লা। অপর পক্ষের নেতৃত্বে রয়েছেন সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক উজির আহমেদ ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি আওলাদ হোসেন মোল্লা।
স্থানীয় সূত্রের দাবি, আসন্ন ইউপি নির্বাচনে এক পক্ষ থেকে আওলাদ হোসেন মোল্লা এবং অপর পক্ষ থেকে রহিম মোল্লা চেয়ারম্যান পদে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্ব আরও তীব্র হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, যখন যে দল ক্ষমতায় থাকে, মোল্লাকান্দিতে সেই দলের নেতারা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি পক্ষের হয়ে সংঘর্ষে জড়ান। আওয়ামী লীগ সরকারের আমলেও এ দুই পক্ষ সক্রিয় ছিল। তখন বিএনপির সমর্থকেরা দুই পক্ষের হয়ে সংঘর্ষে জড়াতেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর আধিপত্য বিস্তারের লড়াইয়ে সামনে আসেন বিএনপির নেতারা। এরপর থেকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি ও মারামারির ঘটনা ঘটছে।
স্থানীয় সূত্র জানায়, গত ১০ নভেম্বর চরডুমুরিয়া বাজারে অবস্থানকালে বিএনপি নেতা আওলাদ হোসেন মোল্লাকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর জের ধরে বুধবার রাতে আওলাদ হোসেনের পক্ষের লোকজনের হামলায় নোয়াদ্দা এলাকার চারজন গুলিবিদ্ধ হন বলে অভিযোগ করেছেন রহিম মোল্লার পক্ষের লোকজন।
তাঁদের অভিযোগ, বুধবার রাতে বোরহান সিকদারের বাড়ির পাশে কয়েকজন ককটেল বিস্ফোরণ ঘটান। খবর পেয়ে তাঁরা নোয়াদ্দা শিকদারবাড়ির সেতুর সামনে গেলে সেখানে বোরহানসহ পাঁচ থেকে ছয়জনের ওপর পেছন থেকে গুলি চালানো হয়। এতে চারজন গুলিবিদ্ধ হন।
পরে বৃহস্পতিবার ভোরে রহিম মোল্লার লোকজন চরডুমুরিয়া বাজারে গিয়ে আওলাদ হোসেনের সমর্থকদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটান বলে অভিযোগ ওঠে। এরপর বিভিন্ন গ্রামের কৃষিজমি ও আশপাশের এলাকায় হামলা, পাল্টাপাল্টি হামলা, ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ছড়িয়ে পড়ে। সকালে চরডুমুরিয়া বাজারে পুলিশ গেলে তাদের লক্ষ্য করেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
রহিম মোল্লার পক্ষের মোল্লাকান্দি ইউনিয়ন যুবদলের সভাপতি মো. জিয়াউর রহমান অভিযোগ করেন, বুধবার রাতে তাঁদের পক্ষের লোকজনের ওপর হামলা ও গুলি চালানো হয়। এতে চারজন গুলিবিদ্ধ হন। পরে বৃহস্পতিবার ভোরে তাঁদের লোকজনের অবস্থান লক্ষ্য করে আবারও গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। নিজেদের নিরাপত্তার স্বার্থে তাঁরা প্রতিরোধ গড়ে তুলে পাল্টা হামলা করেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আওলাদ হোসেনের পক্ষের মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন। তাঁর দাবি, সংসদ নির্বাচনের পর থেকে রহিম মোল্লার লোকজন ইউনিয়নের বাইরে ছিলেন। ২১ দিন আগে তাঁরা গ্রামে ফিরেছেন। এরপর থেকে ইউনিয়নের বিভিন্ন এলাকায় তাঁদের লোকজনকে দেখলেই হুমকি-ধমকি ও মারধর করা হচ্ছিল। বুধবার রাতেও তাঁদের একজনকে মারধর করা হয়। বৃহস্পতিবার সকালে তাঁদের ওপর হামলা হলে তাঁদের লোকজনও পাল্টা হামলা চালান।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ফাহমিদা লস্কর বলেন, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে চারজন এবং বৃহস্পতিবার সকাল সাতটার দিকে একজনসহ মোট পাঁচজন চোখে ও শরীরের বিভিন্ন অংশে পিলেটবিদ্ধ অবস্থায় হাসপাতালে আসেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তছলিম উদ্দিন বলেন, পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এসব ঘটনায় এখনো কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।







