মুন্সিগঞ্জে মন্দিরে যাওয়ার রাস্তা বন্ধ করে ঘর নির্মাণের অভিযোগে মানববন্ধন
১৮

মুন্সিগঞ্জ, ৯ নভেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী হরিসভা ও দুর্গা মন্দিরে যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ করে ঘর নির্মাণের অভিযোগে ঘটনাটির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী।

আজ সোমবার বেলা ১১টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের হাঁসাড়া আন্ডারপাসসংলগ্ন মন্দিরের সামনের সড়কে সর্বস্তরের এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে হিন্দু-মুসলিমসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এই রাস্তা দিয়ে হাঁসাড়া সার্বজনীন হরিসভা ও দুর্গা মন্দিরে হাজারো পুণ্যার্থী ও সাধারণ মানুষ যাতায়াত করে আসছেন। সম্প্রতি স্থানীয় আফসানা আক্তার তুলি ও তাঁর স্বামী বাবুল বেপারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা রাস্তার জায়গা লিজ নেওয়ার দাবি করে সেখানে স্থায়ী ঘর নির্মাণ শুরু করেছেন। এতে মন্দিরে যাতায়াতের একমাত্র পথটি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।

বক্তারা বলেন, রাস্তা বন্ধ হয়ে গেলে মন্দিরে নিয়মিত পূজা-অর্চনা ও ধর্মীয় উৎসব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। একটি ধর্মীয় প্রতিষ্ঠানে মানুষের দীর্ঘদিনের যাতায়াতের পথ বন্ধ করে স্থাপনা নির্মাণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এ সময় তাঁরা অবিলম্বে নির্মাণকাজ বন্ধ করে মন্দিরে যাতায়াতের পথ উন্মুক্ত করতে স্থানীয় প্রশাসন ও সরকারের প্রতি দাবি জানান। অন্যথায় আরও কঠোর ও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।

মানববন্ধনে বক্তব্য দেন মন্দির কমিটির সভাপতি অরুণ চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সুমন মোদক, স্থানীয় ইউপি সদস্য শাহ-আলম, হাঁসাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ খান, সাবেক সভাপতি মুনসুর মাঝি, নিরঞ্জন রাজবংশী, খোকন ঘোষ, শ্যামল রাজবংশী, সঞ্জিত সাহা ও জনি ঘোষসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ