মধ্যরাতে মাওয়া যাওয়ার পথে এক্সপ্রেসওয়েতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেলে থাকা দুইজনের
মুন্সিগঞ্জ, ১২ নভেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার মধ্যরাত ৩টার দিকে উপজেলার সমষপুর এলাকায় মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রাফি (২০) ও জান্নাতুল মাওয়া জ্যোতি (১৯)। তাঁরা দুজনই ঢাকার পশ্চিম শেওড়াপাড়ার ১২৫/১ নম্বর ঠিকানার বাসিন্দা। রাফির বাবার নাম মনজুরুল আলম বাবু এবং জ্যোতির বাবার নাম জাহাঙ্গীর আলম।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে মাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন ওই দুইজন। পথে সমষপুর এলাকায় অজ্ঞাতনামা একটি গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। মোটরসাইকেলটির নম্বর ঢাকা মেট্রো-ল-৪৪-৫৯৪৩।
তিনি জানান, খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে হাসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।







