আধারা ও মোল্লাকান্দি প্রায় পুরুষ শুন্য: কাচারী ও মানিকপুরে আশ্রয়
নিজস্ব প্রতিবেদক: গত ২৮ তারিখ নির্বাচন শেষে ফলাফলের আগে ও পরে একে একে বাড়ি ছেড়েছে আধারা ও মোল্লাকান্দী ইউনিয়নের বিভিন্ন গ্রামের পুরুষেরা। পুরুষ শুন্য গ্রামের অধিকাংশ লোক জন এখন কাচারী ও মানিকপুরের বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে। এলাকা গুলোতে শুধু ছোট বাচ্চা, মহিলা ও বৃদ্ধারা বসবাস করছে। আর রাত হলেই আতঙ্কিত হয়ে পরছে তারা। নবনির্বাচিত চেয়ারম্যান প্রার্থীর লোকেরা শোডাউন আর ককটেলে তাদের ভয় ও অকথ্য ভাষায় গালি গালাজ করে এমনি অভিযোগ করে ঐ এলাকার কিছু সংখক মহিলা।
মোল্লাকান্দিতে রিপন হোসেন ও তার পরিবার সহ আমঘাটা, রাজারচর, চৈতাচর, চরডুমুরিয়া, আন্দপুর, সরহাটি গ্রামের তাকে সমর্থন করা পুরুষরা গ্রাম ছেড়ে চলে গেছে। এছাড়াও আধারা ইউনিয়েনের ৪ খালাসীবাড়ী, নমকান্দি, সরকার বাড়ীর প্রায় ৩০০ এর অধিক লোক গ্রাম ছাড়া।
এদিকে নুরা খালাসী, ইসলাম সরকার, নাসির সরকার, সবুজ সরকার, জামাল সরকারের বাড়িতে ভাংচুর ও ককটেল হামলা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এলাকা ঘুরে দেখা যায় সেই সকল গ্রামের শিশু ,মহিলা ও বৃদ্ধারা আতঙ্কে দিন কাটাচ্ছে।
এলাকার মহিলারা অভিযোগ করেন, আমাগোর জামাই, পোলাপান গোরে নামাইয়া দিছে, তারা নির্বাচন করে আর আমগো সাধারন মানুষের উপর যত দোষ। আমরা এর বিচার চাই, প্রধানমন্ত্রীর কাছে এই বিচার চাই। আমরা শান্তিতে থাকতে চাই। আমরা এসপি অফিসে যামু তার কাছে বিচার চামু। আমাদের স্বামী ও পোলাপানরা যাতে গ্রামে আসতে পারে এই দাবী জানাই ।


