স্বাধীনতার মাসে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে বাংলাদেশ সেনাবাহিনীর ইফতার
মুন্সিগঞ্জ, ১২ মার্চ ২০২৬, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)
মহান স্বাধীনতা যুদ্ধের বীর সেনানী ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ইফতার ও নৈশভোজের আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা সেনানিবাসস্থ সেনামালঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বাধীনতার এই মাসে দেশের শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতেই সেনাবাহিনীর এই উদ্যোগ।
অনুষ্ঠানের শুরুতে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বক্তব্য দেন মেজর জেনারেল মোহাম্মদ আজিজুর রহমান, বীর উত্তম, এনডিসি, পিএসসি (অব.)।
তিনি এ ধরনের সম্মানজনক আয়োজনের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরবর্তীতে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি উপস্থিত অতিথিদের পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানান।
তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সেনাবাহিনী প্রধান তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর সূচনালগ্নে মুক্তিযোদ্ধাদের অবদান অনন্য এবং জাতি তাঁদের এই ঋণ কখনোই ভুলবে না।
উক্ত ইফতার ও নৈশভোজ অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যম ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের সঙ্গে কুশল বিনিময় এবং তাঁদের খোঁজখবর নেওয়ার মধ্য দিয়ে এক হৃদ্যতাপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।





