মুন্সিগঞ্জে ৬০ অটিজম শিশুর মাঝে ঈদ সামগ্রী উপহার দিলো ‘দুর্জয় তারুণ্য’
মুন্সিগঞ্জ, ১২ মার্চ ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ শহরের মুন্সিরহাট এলাকায় অবস্থিত পলক অটিজম স্কুলের ৬০ জন অটিজম শিশুর মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুর্জয় তারুণ্যের উদ্যোগে এবং মুন্সিগঞ্জ পৌরসভার সার্বিক সহযোগিতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় প্রতিটি শিশুকে ঈদ উপহার হিসেবে ১ কেজি পোলার চাল, ১ কেজি চিনি, ১ লিটার ভোজ্য তেল, দুই প্রকার সেমাই এবং আধা কেজি মুগডাল প্রদান করা হয়।
আসন্ন ঈদ উপলক্ষে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পরিবারকে সহায়তা করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।
অনুষ্ঠানে মুন্সিগঞ্জ জেলা ও পৌর সমাজসেবা অফিসের কর্মকর্তা-কর্মচারী, দুর্জয় তারুণ্যের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, সমাজের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে দাঁড়ানো এবং তাদের পরিবারকে সহযোগিতা করা সামাজিক দায়িত্বের অংশ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।


