মুন্সিগঞ্জের জুলাই শহীদ মেহেদীর কবর নারায়ণগঞ্জ থেকে নিজ এলাকায় আনার দাবি বাবার
মুন্সিগঞ্জ, ৬ আগস্ট ২০২৬, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া মুন্সিগঞ্জের গজারিয়ার সন্তান মেহেদী হাসানের কবর নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে মুন্সিগঞ্জে এনে পুনরায় দাফনের দাবি জানিয়েছেন তার বাবা মো. সানাউল্লাহ।
গতকাল বুধবার (৫ আগস্ট) বিকেলে গজারিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ দাবি জানান।
সানাউল্লাহ বলেন, সে সময় দেশের পরিস্থিতি অনুকূলে ছিল না। নিরাপত্তাসহ বিভিন্ন কারণে ছেলেকে আমাদের এলাকায় দাফন করা সম্ভব হয়নি। বাধ্য হয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ঝাউচর কবরস্থানে দাফন করা হয়। এখন আমি চাই, আমার ছেলের কবর নিজ জেলা মুন্সীগঞ্জে স্থানান্তর করা হোক।
তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ইসহাক আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বিশিষ্ট শিল্পপতি মো. ফজলুর রহমান বকুল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আহসান উল্লাহ, মুহাম্মদ মাসুদ ফারুক, মোতাহার হোসেন জাহাঙ্গীর, জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহাবুল আলম খান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খন্দকার জালাল রীমু, সদস্য সচিব নাজির শিকদার, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার, উপজেলা মহিলা দলের সভাপতি রাজিয়া সুলতানা আইবি, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রাসেল দেওয়ান, উপজেলা জাসাসের সভাপতি সোলায়মান প্রধান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মিজানুর রহমান মিজানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।
সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে শহীদ মেহেদী হাসানের কবর নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে তার নিজ জেলা মুন্সিগঞ্জের গজারিয়ায় স্থানান্তরের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।








