মুন্সিগঞ্জে মহাসড়কে অটোরিকশাকে সাইড দিতে গিয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেছে যুবকের
68

মুন্সিগঞ্জ, ৮ মে ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

​মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় অর্ণব সজীব (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে মহাসড়কের কুমিল্লাগামী লেনের ভাটেরচর নতুন রাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সজীব উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের ছোট রায়পাড়া গ্রামের আলী আজম সরকারের ছেলে। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ছিলেন। তার প্রায় ২ বছর বয়সী একটি মেয়ে শিশু রয়েছে। সজীব কাগজের রিসাইক্লিংয়ের ব্যবসা করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে সজীব মোটরসাইকেল নিয়ে বালুয়াকান্দি থেকে ভবেরচরের দিকে যাচ্ছিলেন। রাত ১১টার দিকে তিনি ভাটেরচর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে জায়গা দিতে গিয়ে মোটরসাইকেলটি সামান্য ডানে সরিয়ে নেন। এ সময় পেছন থেকে আসা দ্রুতগামী একটি অজ্ঞাত ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কায় সজীব মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহ কামাল আখন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ায় সেটিকে আটক করা সম্ভব হয়নি। পুলিশ ট্রাকটি শনাক্তের চেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ